
ক্লাব ফুটবলে সম্ভব সবকিছুই জিতেছেন৷ দুবার জিতেছেন ফিফা বর্ষসেরা খেতাব৷ কিন্তু বিশ্বকাপ? সে তো অধরা এখনো৷ দুটি বিশ্বকাপ খেলেছেন, একবার সেমিফাইনালে দল হেরেছে ফ্রান্সের কাছে, গতবার দ্বিতীয় রাউন্ডের দৌড় শেষ স্পেনের কাছে হেরে৷ এবারও যেমন দল, তাতে পর্তুগালের শিরোপা জেতার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়৷ তা বিশ্বকাপ শিরোপা দরকারও নেই ক্রিস্টিয়ানো রোনালদোর, বলছেন লুইস ফিগো৷ পর্তুগিজ গ্রেটের অভিমত, রোনালদো এমনিতেই গ্রেট৷ বিশ্বকাপ না জিতলেও থাকবেন সর্বকালের সেরাদের একজন হয়ে৷
ভাবছেন কথাটা শোনা শোনা লাগছে? লিওনেল মেসিকে নিয়ে একই কথা তো অনেকবারই বলেছেন তাঁর দেশের গ্রেট ডিয়েগো ম্যারাডোনাসহ অনেকেই!
ফিগোর কাছে প্রশ্নটা অবশ্য সরাসরিই ছিল৷ রোনালদোর গ্রেটনেস নিয়ে সন্দেহ নেই, তার পরও পেলে বা ম্যারাডোনার মতো স্মরণীয় হয়ে থাকতে পারবেন? ফিগো উত্তরটা দিয়েছেন ঘুরিয়ে, ‘বিশ্বকাপ ইতিহাসে পেলে-ম্যারাডোনার মতো স্মরণীয় হতে চাইলে অবশ্যই শিরোপা জিততে হবে৷ কিন্তু সাধারণ হিসেবে গ্রেট হিসেবে বিবেচিত হতে হলে, রোনালদো এখনই যে উচ্চতায় আছে, আমার মনে হয় না ওর বিশ্ব শিরোপার প্রয়োজন আছে৷ বিশ্বকাপ জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, পর্তুগালের মতো ছোট দেশের ক্ষেত্রে তা আরও বেশি সত্যি৷ তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো লোকে রোনালদোকে কোন উচ্চতায় দেখে সেটা৷’
বিশ্বকাপে পর্তুগালের সেরা সাফল্য ইউসেবিওর জাদুতে ১৯৬৬ বিশ্বকাপের তৃতীয় হওয়া৷ এরপর ফিগো-রোনালদোরা আবার দলকে শেষ চারে তুলেছিলেন ২০০৬ বিশ্বকাপে৷ পর্তুগাল অবশ্য কখনোই বিশ্ব ফুটবলের শীর্ষ শক্তিগুলোর কাতারে ছিল না৷ এবারও অভাবনীয় কিছুর সম্ভাবনা দেখছেন না দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১২৭) খেলা ফিগো, ‘মাত্র ১ কোটি মানুষের দেশে বিশ্বকাপ জয়ের মতো ১৮-২০ জন ফুটবলার খুঁজে পাওয়া মুশকিল৷ আর এই দল তো অতি রোনালদোনির্ভর৷ রোনালদো কতটা ফিট থাকতে পারে আর কেমন পারফর্ম করে, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে৷ এবার শীর্ষ ফেবারিটদের মধ্যে অবশ্যই পর্তুগাল নেই, হয়তো দ্বিতীয় ধাপে থাকবে৷’ ওয়েবসাইট৷