বিশ্বকাপ জিততে চাইলে হতে হবে টাকমাথার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো-বার্থেজ দু’জনেই টাক মাথার, বিশ্বকাপ জিতেছেন দু’জনই। স্টিফেন হকিংয়ের টাক-তত্ত্বের সার্থক উদাহরণ তারা
রোনালদো-বার্থেজ দু’জনেই টাক মাথার, বিশ্বকাপ জিতেছেন দু’জনই। স্টিফেন হকিংয়ের টাক-তত্ত্বের সার্থক উদাহরণ তারা

টাকমাথা নিয়ে ওয়েইন রুনির আফসোসের কমতি নেই। বেশ কবার হেয়ারপ্লান্টও করিয়েছেন। কাজে দেয়নি। রুনির টাক তবু ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না। আরিয়েন রোবেন তো মাথায় আস্ত একটা ‘মিনি স্টেডিয়াম’ নিয়েই ঘুরছেন। তবে টাক নিয়ে আফসোস করার দিন ফুরোল। টাক আছে বলেই রুনি-রোবেনের বিশ্বকাপ জেতার সম্ভাবনা মেসি-রোনালদোর চেয়েও বেশি!
টাকমাথার খেলোয়াড় বেশি থাকলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেড়ে যায়—এ কথাটিকে সস্তা কৌতুক হিসেবেও হয়তো নেবেন আপনি। কিন্তু তত্ত্বটি দিয়েছেন এমন এক ব্যক্তি, যাঁর কথা হেলায় উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কে তিনি? বিগ ব্যাং তত্ত্বের বিশ্লেষক, প্রথিতযশা পদার্থবিদ স্টিফেন হকিং!
বিশ্বকাপ-জ্বর ব্রিটিশ এই পদার্থবিদকেও আক্রান্ত করেছে বোধ হয়। বিশ্বকাপের দ্বারপ্রাপ্তে হকিং তাঁর গাণিতিক প্রজ্ঞা ব্যবহার করে বেশ কিছু তত্ত্ব দিয়েছেন। তত্ত্বগুলোর সবই কৌতূহলজাগানিয়া। আয়ারল্যান্ডভিত্তিক অনলাইন বাজির ওয়েবসাইট পেডি পাওয়ারে প্রকাশিত লেখাটির শুরুতেই হকিং অবশ্য তাঁর নিজ দেশের সমর্থকদের মন খারাপ করার একটা বার্তা দিয়েছেন। হকিংয়ের মতে, এবারের বিশ্বকাপ জেতার সুযোগ খুব একটা নেই ইংল্যান্ডের।
১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের বছর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো বিশ্বকাপের তথ্য ও পরিসংখ্যান ঘেঁটে এসব তত্ত্ব উপস্থাপন করেছেন হকিং। ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে খেলা চলাকালে ব্রাজিলের আবহাওয়াকেও গুরুত্বপূর্ণ একটি নিয়ামক হিসেবে উল্লেখ করেছেন। ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়লেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা শতকরা ৫৯ ভাগ কমে যাবে। তা ছাড়া বিমানভ্রমণজনিত ক্লান্তিও তাদের খেলায় নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে কেবল হতাশার কথাই নয়, ইংলিশদের জন্য আশার বাণীও আছে হকিংয়ের তত্ত্বে। তাঁর মতে, উরুগুয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচটির দায়িত্বে ইউরোপের রেফারি থাকলে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ ইউরোপের রেফারিরা লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজের ইচ্ছাকৃত ডাইভে প্রভাবিত কম হয়। সুয়ারেজকে হকিং তাঁর ‘অভিনয় দক্ষতা’র জন্য ব্যালে নর্তকী বলে পরিহাস করেছেন।

ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সির বদলে লাল রঙের অ্যাওয়ে জার্সিতে খেললে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা বেড়ে যায় বলেও মনে করেন হকিং। এ ছাড়া ৪-৪-২ এর পরিবর্তে ৪-৩-৩ ফরম্যাট ইংল্যান্ডের জন্য বেশি জুতসই বলেও মনে করেন তিনি। সমুদ্রসীমার ৫০০ উচ্চতার মধ্যে খেললে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাও দ্বিগুণ হয়ে যায়।

বড় টুর্নামেন্টে পেনাল্টি শুটআউতে বরাবরই দুর্বল ইংল্যান্ড। এই দুর্বলতা কাটানোর পথও বাতলে দিয়েছেন হকিং কিছু জ্যামিতিক হিসাব-নিকাশ কষে। তাঁর মতে, গোলবারের বাঁ কোনা কিংবা ডান কোনা দিয়ে নেওয়া ৮৪ শতাংশ কিকই সফলতার মুখ দেখে। হকিং মজা করে বলেন, ‘আমি যদি ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে শট নেওয়ার আগে যদি ক্রিস ওয়াডেলকে ফিস ফিস করে একবার বলে দিতে পারতাম!’ এই ওয়াডেলই সেই বিশ্বকাপে শুটআউটে গোল করতে না পারায় আরেকবার ফাইনালে ওঠার ইংলিশ স্বপ্নের সলিলসমাধি হয়।

চুল নিয়েও তত্ত্ব দিয়েছেন হকিং। সে তো প্রথমেই শুনেছেন। তাই বলে হকিংয়ের কথা শুনে চুলওলারা যেন ভেঙে না পড়েন। কারণ চুলওলাদেরও ভালো সুযোগ আছে বলে মনে করেন তিনি। তবে তাঁকে হতে হবে স্বর্ণকেশধারী!