বিশ্বকাপ জিততে হলে...
সাফল্যের জন্য মরিয়া মনোভাবসাংবাদিকেরা যা করেছেন, সে কারণে আমার খেলোয়াড়েরা সাংবাদিকদের ঘৃণা করত (পুরো টুর্নামেন্টেই ইতালি দলের সমালোচনা করেছে সংবাদমাধ্যম)। সত্যিই ঘৃণা করত। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর এক সাংবাদিক অভিনন্দন জানাতে আমাদের চেঞ্জিংরুমে ঢোকার চেষ্টা করেছিলেন। খেলোয়াড়েরা এতই ক্ষিপ্ত ছিল যে, কয়েকজন তাঁর ওপর গিয়ে চড়াও হয়। প্রচণ্ড তিক্ততা ছিল সবার মধ্যে। একটা লাভও হয়েছিল এতে, আমাদের অর্জনটা আরও মধুর মনে হয়েছিল।দেশাত্মবোধজাতীয় দলের পক্ষে খেলাটা একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় অর্জন, তার প্রতিভার চূড়ান্ত স্বীকৃতি। খেলোয়াড়েরা যেন তা বুঝতে পারে, এটি নিশ্চিত করা ম্যানেজারের দায়িত্ব। নিশ্চিত করতে হবে, ওরা যেন এ থেকে আত্মবিশ্বাস খুঁজে নেয়। জাতীয় দলে খেলার সেই গর্বটা কি এখন ফুরিয়ে যাওয়ার পথে? আশা করি, তা নয়।বিকল্প পরিকল্পনাবিশ্বকাপ জিততে খুব গুরুত্বপূর্ণ হলো, এমন একটা পদ্ধতি ঠিক করা, যেটি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। আমি যেমন জিনেদিন জিদানকে ছাড়া খেলতে হলে কী হবে, লরাঁ ব্লাকে ছাড়া বা মার্সেল দেশাইকে ছাড়া খেলতে হলে কী হবে—সব সম্ভাবনার কথাই ভেবে রেখেছিলাম। ভেবে রেখেছিলাম বলেই রক্ষা, কারণ ওই টুর্নামেন্টে আমাদের অনেক দুর্ভাগ্যেরই মুখোমুখি হতে হয়েছে। সব সময় মনে রাখতে হবে, আপনার হাতে ২২ জন খেলোয়াড় আছে, ১১ জন নয়। ১৯৯৮ বিশ্বকাপে এটিই ছিল আমাদের মূল শক্তি।খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্কখেলোয়াড়েরা কোচকে পছন্দ করল কি না, এটা আসল ব্যাপার নয়। আসল ব্যাপার হলো, ম্যানেজারকে খেলোয়াড়দের পছন্দ করতে হবে। তাদের অবশ্যই মূল্য দিতে হবে। খেলোয়াড়দের সঙ্গে যেমন আদ্যন্ত পেশাদার হতে হবে, একই সঙ্গে মানবীয় একটা সম্পর্কও রাখতে হবে। খেলোয়াড়দের উন্নতিতে, চিন্তা-চেতনায় সঙ্গী হতে হবে তাদের। একজন ম্যানেজারের অত্যাবশ্যকীয় প্রথম গুণ হচ্ছে, তাঁকে অবশ্যই খেলোয়াড়দের কথা শুনতে হবে। একই সঙ্গে তিনি কী চান, সেই বার্তাটাও সুনির্দিষ্টভাবে দিয়ে দিতে হবে, যাতে সবাই তা বুঝতে পারে। এ কারণেই ব্যক্তিগত সম্পর্কটা গুরুত্বপূর্ণ, তবে সেই সম্পর্কের চর্চাটা হতে হবে দলের কাঠামোর মধ্যেই।