বিশ্বকাপ জিতলে মহাশূন্যে
পৃথিবী জয় করা শেষ। এবার যেতে হবে মহাশূন্যে। পরাস্ত করতে হবে ভিনগ্রহের প্রাণীদের। রক্তপাতে না হোক, অন্তত মহাশূন্যে ফুটবল খেলে হলেও জয় ছিনিয়ে আনতে হবে!
না না, এটি স্টার ওয়ার্স সিরিজের নতুন কোনো ছবির চিত্রনাট্য নয়। ডাচ ফুটবল দলের জন্য এ রকম প্রস্তাবই দিয়েছে স্পেস এক্সপেডিশন করপোরেশন নামক একটি সংস্থা। ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে লড়াই করা হয়তো একটু বাড়িয়ে বলাই। তবে মহাশূন্যে ঘুরে আসাই বা কম কী! শর্ত একটাই, রোবেন-পার্সিদের জিততে হবে বিশ্বকাপ।
সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা মিশেল মল বলছেন, ‘একটি ডাচ সংস্থা হিসেবে ব্রাজিলে আমাদের দলের সাফল্যে আমরা গর্বিত।’ কীভাবে তাঁদের মাথায় এই পরিকল্পনা এল, জানালেন সেটাও, ‘রবিন ফন পার্সির গোল এবং বিশেষ করে গণমাধ্যমে “দ্য ফ্লাইং ডাচম্যান”-এর ব্যবহারই আমাদের এমন কিছু করার ভাবনার খোরাক জুগিয়েছে।’ আর এই প্রস্তাব থাকছে দলের সবার জন্যই, ‘পুরো ২৩ জনের স্কোয়াড এবং অবশ্যই লুইস ফন গাল—সবাইকে আমরা আক্ষরিক অর্থেই মহাশূন্যের ১০৩ কিলোমিটার দূরে পাঠাব।”
বিশ্বকাপ জেতা শেষ। নভোযাত্রীর পোশাকে রোবেন-পার্সিরা ঘুরে বেড়াচ্ছেন মহাশূন্যে। হয়তো একটু-আধটু ফুটবল খেলারও চেষ্টা করছেন। এমনটা ভেবে শিহরিত হতে পারেন খোদ রোবেন-পার্সিরাই! গোলডটকম।