বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর রোনালদো

বাছাইপর্বের বাধাটা ঘাম ঝরিয়েই পেরোতে হয়েছে পর্তুগালকে। সরাসরি বিশ্বকাপের টিকিট না পাওয়ায় খেলতে হয়েছে প্লে-অফ। সুইডেনের বিপক্ষে সেই প্লে-অফের দ্বিতীয় লেগে দুর্দান্ত হ্যাটট্রিক করে পর্তুগালকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার এখন বিভোর হয়ে আছেন বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নে।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফেবারিট হিসেবে হয়তো কেউই বিবেচনা করছেন না পর্তুগালের নাম। কিন্তু রোনালদো আশা করছেন, পর্তুগাল বিশ্বসেরাদের কাতারে যেতে পারবে, ‘বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাটির শিরোপা জয়ের স্বপ্ন আমার আছে। কিন্তু আমাদের পা মাটিতেই রাখতে হবে। আমার আশা, পর্তুগাল বিশ্বের সেরা দলগুলোর একটি হতে পারে।’
বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য রোনালদোর পর্তুগালকে আগে পেরোতে হবে কঠিন এক গ্রুপ পর্বের বাধা। খেলতে হবে আগামী বিশ্বকাপের অন্যতম ফেবারিট জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কাজটা কঠিন বলে স্বীকার করেছেন রোনালদোও, ‘এটা খুবই কঠিন গ্রুপ। জার্মানি সব সময়ই শিরোপার অন্যতম প্রধান দাবিদার। আর যুক্তরাষ্ট্র, ঘানাও খুব ভালো দল। আমাদের প্রথম কাজ হবে পরের রাউন্ড নিশ্চিত করা। তারপর কী হবে, দেখা যাবে। গ্রুপ পর্বের লড়াইটা যে কঠিন হবে, সেটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু আমার বিশ্বাস, আমরা সেই বাধা পেরোতে পারব।’
বিশ্বকাপের অবশ্য এখনো অনেক দেরি আছে। তার আগে এখন ক্লাব ফুটবলের দিকেই মনোযোগ দিচ্ছেন রোনালদো, ‘বিশ্বকাপের এখনো অনেক দেরি আছে। আর আমি এই মুহূর্তে ক্লাবের দিকেই মনোযোগ দিচ্ছি। আমি এই মৌসুমে সবকিছুই জিততে চাই। তারপর দেখা যাবে বিশ্বকাপে কী হয়।’