বিশ্বকাপ ট্রফি নিয়ে যত আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি

আগামী পরশু ১৭ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের সোনার ট্রফিটি আসছে বাংলাদেশে। বিশ্বকাপ ট্রফির তিন দিনের বাংলাদেশ ভ্রমণে নানা কর্মসূচি নিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকাকোলা এবং ফুটবল ফেডারেশন। দুবাই হয়ে বাংলাদেশে আসবে ট্রফি, এখান থেকে যাবে ভুটানে।

১৭ ডিসেম্বর দুপুরে চার্টার্ড বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো ট্রফিটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ১৮ ও ১৯ ডিসেম্বর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রফি দর্শনের সুযোগ পাবেন মাত্র ১৫ হাজার দর্শক। এঁদের ৯ হাজারকে বেছে নেবে কোকাকোলা। শুধু কোকাকোলার পানীয় কিনলেই মিলতে পারে এই সুযোগ। সুবিধাবঞ্চিত, অনাথ পথশিশুদের ট্রফি দেখানো হবে। বাকি ৬ হাজার টিকিট থাকছে বাফুফে কর্মকর্তা ও অন্যদের জন্য।

এর আগে ২০০২ সালে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। কিন্তু সেবারের চেয়ে এবার ট্রফিটার ভ্রমণ অনেক জমকালো। স্টেডিয়ামে একটি নির্দিষ্ট কক্ষে কাচঘেরা পাত্রে রাখা ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তবে ব্যক্তিগত উদ্যোগে নয়, আয়োজক প্রতিষ্ঠানই ছবি তুলে দর্শককে দেবেন। বিশ্বকাপের বিভিন্ন আসরের ঐতিহাসিক ও স্মরণীয় কিছু মুহূর্তও তুলে ধরা হবে ওই সময়।

ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের থিম সং গেয়েছেন ব্রাজিলিয়ান শিল্পী ডেভিড কোরি। গানটা গাওয়া হবে বিশ্বের বিভিন্ন ভাষায়। ফুয়াদ আল মুক্তাদিরের নির্দেশনায় বাংলা ভাষায় গানটি গাইবে একটি ব্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী দিনে থিম সংয়ে বিভিন্ন ভাষায় গাওয়া হবে গানের কথাগুলো, বাংলায় গাওয়া একটি লাইন ঢোকানোর চেষ্টা চলছে।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কোনো তারকা ফুটবলার আসছেন না। এটি রাষ্ট্রপতি গ্রহণ করবেন কি না সেটি আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেই চূড়ান্ত করবে বাফুফে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বিশ্বকাপ ট্রফির ভ্রমণ কর্মসূচিতে থাকবে কড়া নিরাপত্তা। কাল বাফুফে ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশিস, উপস্থিত ছিলেন আরও অনেকে।