বিশ্বকাপ ট্রফিতে আঁচড়!

শিরোনামটা ধাক্কা খাওয়ার মতোই। পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফিতে নাকি আঁচড় লেগেছে! জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি উলফগ্যাং নিয়েরসবাখ নিজেই তা স্বীকার করেছেন।
জার্মানি বিশ্বকাপ জিতেছে আট দিন আগে। মারাকানায় অনেক সাধনার সেই ট্রফি পেয়ে বাঁধভাঙা উদ্যাপন করেছেন খেলোয়াড়-কর্মকর্তারা। ২৪ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। খেলোয়াড়েরা দেশে ফেরার পর বার্লিনের পথে ট্রফি নিয়ে উল্লাস, খোলা চত্বরে উৎসব—কিছুই বাদ ছিল না। এই উদ্যাপনের আতিশয্যের ফাঁকেই ঘটল অঘটন। নিয়েরসবাখ জানাচ্ছেন, ‘আমাদের বিশ্বকাপ ট্রফির একটা অংশে আচঁড় লেগেছে। ওটা মেরামতযোগ্য। আশা করি, আমাদের বিশেষজ্ঞরা ট্রফি আগের মতো করে ফেলবে।’
কিন্তু প্রশ্ন উঠছে, এই অঘটন কার অসাবধানতায়? নিয়েরসবাখের উত্তর, ‘এই কাণ্ডটা কার তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো ফলাফল ছাড়াই তদন্ত শেষ করতে হয়েছে।’ গোলডটকম।