বিশ্বকাপ ট্রফিতে ম্যান্ডেলার ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মে, ২০০৪—এই দিনটিতে বিশ্বকাপ ট্রফিতে প্রথম স্পর্শ দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। প্রায় ৬ বছর পর আবার দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত এই নেতার হাতের ছোঁয়া পেল বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ পরিভ্রমণ শেষে পরশু স্বাগতিক দেশে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। রাখা হয়েছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বিল্ডিংয়ে। সেখানেই বিশ্বকাপ ট্রফিটা আবার উঁচিয়ে ধরেন ম্যান্ডেলা। তাঁর হাতে ট্রফিটি তুলে দিয়েছেন ফিফার সাধারণ সম্পাদক জেরম ভালক এবং আয়োজক কমিটির প্রধান নির্বাহী ড্যানি জর্ডান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার হাতে ট্রফি না তুলে তাঁরা কেন ম্যান্ডেলার হাতে দিলেন? ট্রফিটি যিনি দক্ষিণ আফ্রিকায় নিয়ে এসেছেন, সেই ভালক দিয়েছেন এর উত্তর, ‘নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অন্যতম স্বপ্নদ্রষ্টা। দক্ষিণ আফ্রিকা যখন বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র পেয়েছিল, সেই মুহূর্তটি আমরা কখনো ভুলব না। “ম্যাডিবা (নেলসন ম্যান্ডেলা)” নতুন এই গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার প্রতীক। ট্রফি এখানে আসবে আর আমরা সেটা ম্যান্ডেলার কাছে প্রথম নিয়ে যাব না, এটা হতেই পারে না।’৬ বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের ভার পাওয়ার পর জুরিখে প্রথম বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে কেঁদেই ফেলেছিলেন ম্যান্ডেলা। তাঁর চিবুক বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। বাষ্পরুদ্ধ কণ্ঠে ম্যান্ডেলা বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে, আমি যেন ১৫ বছরের এক বালক।’৬ বছর পর আবার বিশ্বকাপ ট্রফিতে হাত রাখতে পেরে কেমন লাগছে ৯১ বছর বয়সী ম্যান্ডেলার? সরাসরি কেউ তাঁর অনুভূতি জানতে পারেনি। কারণ নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বিল্ডিংয়ে ওই সময় কোনো সাংবাদিককে থাকতে দেওয়া হয়নি। ম্যান্ডেলার অনুভূতি পরে এক বিবৃতিতে জানিয়েছেন ভালক, ‘নেলসন ম্যান্ডেলা ট্রফি হাতে নিয়ে তাঁর একটি ইচ্ছের কথা জানিয়েছেন—বাফানা বাফানাকে বিশ্বকাপ জিততে দেখতে চান তিনি। আমরা আশা করছি, আমাদের সঙ্গে স্টেডিয়ামে থেকে তিনি দক্ষিণ আফ্রিকার সাফল্য উদ্যাপন করতে পারবেন!’ ওয়েবসাইট।