বিশ্বকাপ ট্রফির আগমনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় আসতে এখনো আড়াই মাস বাকি। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন (ডানে) ও কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব (মাঝে) আনুষ্ঠানিক উদ্বোধন করে দিলেন বিশ্বকাপ ট্রফির ভ্রমণ কর্মসূচি। কাল রাজধানীর একটি হোটেলে  প্রথম আলো
বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় আসতে এখনো আড়াই মাস বাকি। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন (ডানে) ও কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব (মাঝে) আনুষ্ঠানিক উদ্বোধন করে দিলেন বিশ্বকাপ ট্রফির ভ্রমণ কর্মসূচি। কাল রাজধানীর একটি হোটেলে প্রথম আলো

মঞ্চের ওপর রাখা একটা স্ট্যান্ড মখমল কাপড়ে ঢাকা। সবার কৌতূহলী চোখ সেদিকেই। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একটু পর যেটি উন্মোচন করলেন, অনেকে সেটাকে বিশ্বকাপ ট্রফি ভেবেছিলেন। কিন্তু দেখা গেল একটি ফুটবল। বিষয়টি প্রতীকী। রাজধানীর একটি হোটেলে প্রতীকী উন্মোচনপর্ব দিয়েই শুরু হলো বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের আনুষ্ঠানিকতা। ১২ সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোর বিশ্বখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারের সামনে বিশ্বকাপ ট্রফির ভ্রমণপর্বের আনুষ্ঠানিক উদ্বোধন, ট্রফিটি ব্রাজিল থেকে ১৭ সেপ্টেম্বর প্রথম গেছে তাহিতিতে।
বাংলাদেশের ফুটবল অনুরাগীদের বিশ্বকাপ ট্রফিটিকে দেখার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে গত ৩৯ বছর ধরে বিশ্বকাপের অন্যতম স্পনসর প্রতিষ্ঠান কোকাকোলা। ৩৬.৮ সেন্টিমিটারের সোনালি ট্রফিটা বিমানযোগে সংযুক্ত আরব আমিরাত হয়ে ১৭ ডিসেম্বর আসবে ঢাকায়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম আসছে এটি। নিরাপত্তার চাদরে ঘেরা বিশ্বকাপ ট্রফিটা শুধু ছুঁতে পারবেন রাষ্ট্রপ্রধান। এর আগে ২০০২ বিশ্বকাপের আগে রেপ্লিকা এলেও এবার আসল ট্রফিই আসছে বলে দাবি করলেন কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব। বাংলাদেশে তিন দিনের ভ্রমণ শেষে ট্রফি যাবে ভুটানে।
বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণপর্বে থাকবে আকর্ষণীয় অনুষ্ঠান, তাতে থাকতে পারে তরুণদের নিয়ে ফুটবল উৎসব। যদিও সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কাল অন্তত জানাতে পারেননি দেবাশিস। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভিশন-২০২২ নিয়ে এগোচ্ছেন। এই স্বপ্নের পথে বিশ্বকাপ ট্রফি-দর্শন কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী, কারণ এটি তরুণদের মনে তুলবে আলোড়ন। ‘আমরা কবে বিশ্বকাপে খেলতে পারব সেটি বড় কথা নয়। কিন্তু বিশ্বকাপ ট্রফিটা তো স্বচক্ষে দেখতে পারব। আমি নিশ্চিত, আমাদের তরুণেরা এই ট্রফি আগমন উপলক্ষে খুব রোমাঞ্চিত থাকবে। তাদের এই উন্মাদনাকে কাজে লাগাতে চাই। এ জন্য একটা ফেস্টিভ্যাল টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছি’—বলেছেন সালাউদ্দিন।