বিশ্বকাপ ঠেকাতে চান রোমারিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমারিও
রোমারিও

উনিশ বছর আগে ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান ছিল রোমারিওর। রোমারিও ডি সুজা ফারিয়ার ফুটবলশৈলী আর গোলের ক্ষুধাকে কাজে লাগিয়ে ব্রাজিল ১৯৯৪ সালে ২৪ বছর পর বিশ্বকাপ জয়ের হাহাকার ঘুচিয়েছিল। অথচ ১৯ বছর পর সেই রোমারিওই নাকি বিশ্বকাপের ঘোর বিরোধী!

ফুটবল ছেড়ে রাজনীতির মাঠে এখন রোমারিও। ফুটবলার জীবনে খোলামেলা মন্তব্য করে প্রায়ই বিতর্ক উসকে দিতেন। রাজনীতিতে তো এই সুযোগ আরও বেশি। রোমারিও কোনোমতেই চান না তাঁর দেশ ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজন করুক।
ফুটবলপ্রিয় মানুষ অবশ্য বিশ্বকাপ নিয়ে রোমারিওর এই ভূমিকায় কিংবা ভাবনায় একেবারেই খুশি নন। তবে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা নিয়ে যথেষ্ট যুক্তিই নাকি রয়েছে তাঁর কাছে, ‘ব্রাজিল বিশ্বকাপ আয়োজনের জন্য উপযোগী দেশ নয়। দৈনন্দিন জীবনের অনেক মৌলিক প্রয়োজন যে দেশে মেটাতে হিমশিম খায় মানুষ, সে দেশে কোটি কোটি ডলার খরচ করে কীভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব!’

বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনা নিয়ে এ মুহূর্তে নাকি মাথা ঠিক রাখতে পারছেন না রোমারিও। প্রতিজ্ঞা করেছেন বিষয়টি নিয়ে কিছু একটা করার। তার মানে কী রোমারিও বিশ্বকাপ আয়োজনে বাধা দেবেন? সেই ক্ষমতা কিংবা শক্তি কী তাঁর আছে?
বিশ্বকাপকে ব্রাজিলের জন্য ‘লজ্জার বিষয়’ হিসেবে অভিহিত করেছেন রোমারিও, ‘যে দেশ নাগরিকদের অন্ন দিতে পারে না, বস্ত্র ও বাসস্থানের সংকট যেখানে ভয়াবহ, সেখানে বিশ্বকাপ আয়োজন সত্যিই লজ্জার বিষয়। এ জন্য আমরা আসলেই লজ্জিত।’
বিশ্বকাপ ব্রাজিলের আমজনতার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না বলেই জানিয়েছেন রোমারিও, ‘সাধারণ মানুষ বিশ্বকাপ থেকে লাভবান হবে না। লাভ হবে একশ্রেণীর মানুষের; যারা বিশ্বকাপের পর ধনী থেকে ধনকুবের হয়ে যাবে। ওই লোকগুলোর দুর্নীতির সুযোগ করে দেবে সাধারণ মানুষ নিজেদের কাঁধে করের বোঝা বাড়িয়ে।’