বিশ্বকাপ দলে নেই মালিক
সন্দেহের ঘেরাটোপ কি তবে সবচেয়ে বেশি শোয়েব মালিককে ঘিরেই? পাকিস্তানের প্রাথমিক বিশ্বকাপ দল তো জানান দিচ্ছে এমন কিছুই। যে তিনজনকে নিয়ে আপত্তি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নৈতিকতা কমিটির, তাঁদের মাঝে শুধু কামরান আকমলই আছেন ৩০ সদস্যের দলে। দানিশ কানেরিয়ার এমনিতেই ওয়ানডে দলে থাকার কথা নয়, প্রশ্ন তাই সাবেক অধিনায়ক মালিককে ঘিরেই।পাকিস্তানের জন্যই ১৯ ডিসেম্বর থেকে পিছিয়ে প্রাথমিক দল দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ৫ জানুয়ারি। মালিক না থাকলেও আছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। ইউসুফ এখন ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন মোহামেডানের হয়ে। উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে মালিক ছাড়া আর নেই কেবল ফাওয়াদ আলম। বিশ্বকাপের আগে পাকিস্তানের একমাত্র ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ডে, ওই দলটি ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। এএফপি।পাকিস্তানের প্রাথমিক দল: শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, তৌফিক ওমর, নাসির জামশেদ, মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, মিসবাহ-উল-হক, উমর আকমল, আজহার আলী, আসাদ শফিক, নাভেদ ইয়াসিন, কামরান আকমল, সরফরাজ আহমেদ, সালমান আহমেদ, আবদুল রাজ্জাক, ইয়াসির আরাফাত, রানা নাভেদ-উল-হাসান, আবদুর রেহমান, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, শোয়েব আখতার, উমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভীর, তানভীর আহমেদ, জুনায়েদ খান, আইজাজ চিমা, আসাদ আলী।