বিশ্বকাপ দুঃস্বপ্নই দেখাচ্ছে ভারতকে!

১৯৯২ সালের বিশ্বকাপের কথা কী ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের মনে আছে? দলটা তো একেবারে খারাপ ছিল না। বিশ্বকাপ জেতার মতোই ছিল সেই দল। মোহাম্মদ আজহারউদ্দিন থেকে শুরু করে কপিল দেব, কিংবা শচীন টেন্ডুলকার থেকে শুরু করে রবি শাস্ত্রী বা কৃষ্ণমাচারি শ্রীকান্ত! তারকার তো অভাব ছিল না দলটিতে। কিন্তু তার পরও ভারতীয় ক্রিকেট সমর্থকেরা ওই বিশ্বকাপটি ভুলে থাকতেই চান! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেই বিশ্বকাপে জিতেছিল ভারত। এতেই যদি সমর্থকেরা তুষ্ট থাকেন, তো ঠিক আছে। সমর্থকদের নিশ্চয়ই মনে আছে জিম্বাবুয়ে (জিম্বাবুয়ে তখন আইসিসির সহযোগী সদস্য) ও পাকিস্তান ছাড়া সেবার ভারত আর কোনো ম্যাচেই জয় পায়নি! বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ভাগাভাগি হওয়া পয়েন্ট, সাকুল্যে এই ছিল ভারতের জন্য সেবারের বিশ্বকাপ। অবস্থান ছিল সপ্তম। নিচে ছিল কেবল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উইকেটে ‘ঘরের মাঠের বাঘেরা’ নিজেদের দুর্বলতা প্রকাশ করে দিয়েছিল বড় উত্কট ভঙ্গিতেই।
অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন। ২২ বছর আগের কাসুন্দি ঘাঁটার ব্যাপারটিই হয়তো বিরক্তির উদ্রেক করছে তাদের মনে। সেই ভারত আর এখনকার ভারত কী এক কথা? ভারত তো এখন অন্য রকম দল! ম্যাচজয়ী দল। এর মধ্যে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ, একবার ওয়ানডে বিশ্বকাপ আর দুবার (একবার যৌথভাবে) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতা হয়ে গেছে ভারতের। ওয়ানডে আর টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানের স্বাদও পাওয়া হয়ে গেছে। ক্রিকেট বাজারের বিচারে ভারত এখন এক পরাশক্তিই! তবে কেন পুরোনো ওই দিনগুলোকে টেনে নিয়ে আসা!
বিদেশের মাটিতে, বিশেষ করে শক্ত ও বাউন্সি উইকেটে কিংবা একটু অন্য রকম কন্ডিশনে ভারতের সাম্প্রতিক ব্যর্থতাই ২২ বছর আগের কাসুন্দি নতুন করে ঘাঁটাতে বাধ্য করল। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডে পরপর দুটি ওয়ানডে সিরিজে ভারতীয় দলের যা-তা পারফরম্যান্স শঙ্কায় ফেলে দিয়েছে আগামী বিশ্বকাপে ভারতের ভবিষ্যত্ নিয়ে। ১৯৯২ সালের বিশ্বকাপে যাচ্ছেতাইভাবে ব্যর্থ হওয়া ভারতীয় দলের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আরও একটি বিশ্বকাপ। নিউজিল্যান্ডে ৪-০-তে সিরিজ হেরে আসা ভারতের জন্য কি আরও একটি দুঃস্বপ্নের বিশ্বকাপ?
শঙ্কাটা এসেছে ভারতীয় গণমাধ্যমের তরফ থেকেই। টাইমস অব ইন্ডিয়ার ক্রীড়া ব্লগে অভিজিৎ ঘোষ একটি লেখার মাধ্যমে প্রমাদ গুনেছেন ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভারতের ফল নিয়ে। ১৯৯২ সালের বিশ্বকাপের প্রসঙ্গ টেনে, আর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে তিনি একটি ধারণাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন, ‘এক বছর পর ওয়ানডে বিশ্বকাপে কপালে দুঃখই আছে বর্তমান চ্যাম্পিয়নদের।’
অভিজিত্ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন বিদেশের মাটিতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সের। ভারতের সর্বশেষ আটটি ওয়ানডের প্রসঙ্গ টেনেছেন অভিজিৎ। যার ছয়টিতেই পরাজয়ের শিকার হতে হয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনীর। বাকি দুটো ম্যাচের একটি টাই হলেও অপরটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই ছোট্ট রেকর্ডটির সঙ্গে অভিজিৎ উদাহরণ টেনেছেন ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরেরও। যেখানে চারটি টেস্টের প্রতিটিতেই হেরে ধবলধোলাইয়ের শিকার হতে হয়েছে ‘মহাপরাক্রমশীল’ ভারতীয় দলের। সব মিলিয়ে তাঁর আশঙ্কা আগামী বিশ্বকাপে হয়তো ভারতীয় দলকে ব্যর্থতার বোঝাই কাঁধে তুলতে হচ্ছে।
তিনি কিছুটা কৌতুকের সঙ্গেই ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি উক্তি তাঁর লেখায় টেনে এনেছেন। নিউজিল্যান্ড রওনা হওয়ার আগে ধোনি নাকি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ভারতীয় দলে স্থিরতা এসেছে।’ অভিজিৎ লিখেছেন, ধোনি যে স্থিরতার কথা বলছেন, সেটাই সম্পূর্ণ অনুপস্থিত এই মুহূর্তে ভারতের পারফরম্যান্সে। একটি স্থিরতা পূর্ণ দল তাকেই বোঝায়, যে দলের খেলোয়াড়েরা সব পরিবেশে, সব জায়গাতেই একই ধরনের খেলা খেলে যেতে পারে। ভারতীয় দলের খেলোয়াড়েরা, বিশেষ করে শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়নারা কী নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো খেলতে পেরেছেন? যে খেলাটা এই খেলোয়াড়েরা নিজেদের দেশের মাটিতে খেলেন, সেই খেলাটা অন্য পরিবেশে সম্পূর্ণ অনুপস্থিতই মনে হয়েছে অভিজিতের কাছে।
অভিজিতের মতে, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলকে ‘দ্বিতীয় স্তরের’ দল (টায়ার টু টিম) হিসেবেই মনে হয়েছে। ব্যাপারটা তাঁর কাছে হজম করা একটু কষ্টকরই, বিশেষ করে এমন একটা সময়ে নিউজিল্যান্ডে ভারতীয় দল এই বিশ্রী পারফরম্যান্সটা দেখিয়েছে, যখন ক্রিকেট বিশ্বে নিজেদের অর্থনৈতিক পেশিটা ফুলিয়ে-ফাঁপিয়ে সবাইকে খুব চোখ রাঙাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের ‘পরাশক্তি’ দাবি জানিয়ে, ক্রিকেট বিশ্বের দৃশ্যপটই বদলে দেওয়ার হীন চেষ্টায় মত্ত ভারতীয় ক্রিকেট সংগঠকেরা। ঠিক তখনই এই বাজে পারফরম্যান্স অভিজিতের মতে ভারতীয় ক্রিকেটকে মুখ লুকোনোর পর্যায়ে ঠেলে দিয়েছে।
বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি এখনো এক বছর। এই সময়ের মধ্যে ভারতীয় দল নিজেদের সমস্যাগুলো ঝেড়ে ফেলতে পারবে কিনা, তা নিয়ে সন্দিহান অভিজিৎ। তিনি দুর্বলতা দেখছেন দলের প্রতিটি জায়গাতেই। উদ্বোধনী জুটির ভয়াবহ অবস্থা বর্ণনা করে তিনি জানিয়েছে, সর্বশেষ আটটি ওয়ানডে ম্যাচে ভারতের উদ্বোধনী জুটিতে ওঠা গড় রান ১৯.৮। মিডল অর্ডারেও ভারতীয় দলের করুণ দশা ফুটে উঠেছে নিউজিল্যান্ডের প্রতিটি ওয়ানডেতেই। যে বিরাট কোহলিকে নতুন যুগের টেন্ডুলকার বলা হয়ে থাকে, তাঁর নিউজিল্যান্ডে তাঁর পারফরম্যান্সও পড়ে গেছে প্রশ্নের মুখে। নতুন সুযোগ পাওয়া কোনো ক্রিকেটারই নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারেননি। ফাস্ট বোলিংয়ের অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বোলাররা তিন ম্যাচে রান দিয়েছে ৯৩৯—যা যেকোনো বিচারেই একটা ভয়াবহ উদাহরণ।
সব মিলিয়ে অভিজিৎ ঘোষ আশাবাদী নন, আগামী বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে।
তাঁর শঙ্কা, আগামী বছর হয়তো ভারতের জন্য ’৯২-এর দুঃস্বপ্নই ওত পেতে আছে।