বিশ্বকাপ দেখবেন না তেভেজ
দুর্দান্ত খেলছেন সার্জিও আগুয়েরো। গোল পাচ্ছেন গঞ্জালো হিগুয়েইন। আর লিওনেল মেসি তো আছেনই। তারায় ভরা আর্জেন্টিনার আক্রমণভাগে সুযোগ পাওয়া কতটা কঠিন সেটা বলার অপেক্ষা রাখে না। আর সে কারণেই নিজের ভবিতব্যটা দেখে ফেলেছেন কার্লোস তেভেজ। বিশ্বকাপে যে খেলা হচ্ছে না সেটা একরকম মেনেই নিয়েছেন জুভেন্টাস স্ট্রাইকার। আর বিশ্বকাপে খেলা যখন হচ্ছে না, বিশ্বকাপ দেখবেন না বলেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন!
আলেসান্দ্রো সাবেলার দলে অবশ্য অনেক দিন থেকেই অপাঙেক্তয় তেভেজ। ২০১১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে সেই হারের পর সাবেলা আর ডাকেননি তেভেজকে। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের অন্যতম সদস্যের জন্য এটা ভীষণ হতাশারই। পরশু আর্জেন্টিনার লা রেড রেডিওর কাছে সেটা গোপন করার কোনো চেষ্টাই করলেন না তেভেজ, ‘সাবেলা যদি আমাকে না ডাকেন, তাহলে আমি ফোন করে সেটার কারণ জানতে চাইব না। আমি চাই না সেটা করতে তাকে বাধ্য করা হোক। তাকে শান্তিতে কাজ করতে দিন, কারণ আমাকে না ডাকাটা তার জন্য আসলেই কঠিন। আমি জানি সমর্থকদের পক্ষ থেকেও অনেক চাপ আছে তার ওপর।’
এমন নয় যে খুব খারাপ ফর্মে আছেন তেভেজ। সিরি ‘আ’তে এই মৌসুমে গোল হয়ে গেছে ১০টি। তাঁর চেয়ে বেশি গোল আছে শুধু ফিওরেন্টিনার জিউসেপ্পে রসির। তাহলে কি কোচের সঙ্গে বনিবনা হচ্ছে না? নাকি সতীর্থদের সঙ্গেই কোনো ঝামেলা পাকিয়েছেন? তেভেজ বললেন ব্যাপারটা তেমন নয়, ‘দলের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। মেসির সঙ্গে তো নয়ই। বিশ্বকাপ দেখতে গিয়ে আমি ঘুম হারাম করব না। সত্যি বলতে কি, আমি এটা দেখব বলেও মনে হয় না। কারণ এটা হবে আমার জন্য খুবই বেদনাদায়ক।’ রয়টার্স।