বিশ্বকাপ দেখা হলো না আলিউলের
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা দেখেছিলেন মাঠে গিয়ে। কথা ছিল আজ মাঠে গিয়ে দেখবেন বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচটাও। কিন্তু হলো না! এর আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক আলিউল ইসলাম (ইন্না লিল্লাহি...রাজিউন)।বাংলাদেশের ২০০৭ বিশ্বকাপ শুরু হয়েছিল মানজারুল ইসলামকে হারানোর শোক নিয়ে। ২০১১ বিশ্বকাপের আগের রাতটাও বাংলাদেশের ক্রিকেট কাটাল আলিউল ইসলামের শোকে। হঠাৎ অসুস্থ বোধ করায় কাল সন্ধ্যার দিকে সাবেক এই ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। কিন্তু হাসপাতালের চিকিৎ সকেরা শুধু তাঁর মৃত্যুসংবাদটাই নিশ্চিত করেছেন। আলিউল ইসলামের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।প্রথম অধিনায়ক হিসেবে আলিউল ইসলাম আবাহনীকে ১৯৭৪ সাল থেকে নেতৃত্ব দিয়েছেন ১৯৮২ সাল পর্যন্ত। উইকেটকিপার-ব্যাটসম্যান আলিউল ছিলেন ওপেনার। ১৯৭৬ সালে আঞ্চলিক দলের হয়ে রাজশাহীতে খেলেছেন এমসিসির বিপক্ষে। জাতীয় দলে খেলার সুযোগ সেভাবে না হলেও ক্রিকেট বোর্ডের সদস্য ছিলেন, জাতীয় দলের নির্বাচক ছিলেন, পালন করেছেন প্রধান নির্বাচকের দায়িত্বও। ২০০৩ বিশ্বকাপের দল গড়ার কিছুদিন পর পদত্যাগ করেন।আলিউলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবাহনীর সাবেক ক্রিকেটার ও বর্তমানে বিসিবির পরিচালক জালাল ইউনুস, ‘আমার প্রথম অধিনায়ক ছিলেন আলিউল ভাই। ওনার মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না, কারণ মাত্র দুই দিন আগেই তাঁকে সুস্থ দেখেছি, কথা বলেছি।’ শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।আবাহনী মাঠে আজ বেলা সাড়ে ১১টায় তাঁর প্রথম জানাজা। ধানমন্ডি ৭ নম্বর মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হবে।