বিশ্বকাপ নিয়ে এখনো অশান্তি ব্রাজিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আর মাত্র ২০ দিন দূরে। অথচ ব্রাজিলে এখনো বিশৃঙ্খলা চলছে। এমনিতে অনেক দিন ধরেই বিশ্বকাপ আয়োজনের প্রতিবাদে ব্রাজিলজুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। পরশু সাও পাওলোতে যা হলো, সেটার পর ব্রাজিল ঠিকঠাক সবকিছু আয়োজন করতে পারবে কি না, সেই প্রশ্নটাও উঠে গেল।
গোটা দক্ষিণ আমেরিকারই সবচেয়ে বড় শহর সাও পাওলো। পরশু সেই শহরেই কাজ শেষে রাস্তায় বেরিয়ে শহরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হলো। দুই কোটি মানুষের শহরে প্রতিদিন গড়ে ১৬ হাজার বাস রাস্তায় নামে। অথচ এদিন রাস্তায় বাস চলেছে হাতে গোনা কয়েকটি। চলবে কী করে, বাসচালকেরা যে একযোগে ধর্মঘট ডেকেছেন! শহরের প্রায় ২৫ লাখ লোককে তাই বাড়ি ফিরতে হয়েছে জেরবার হয়ে। সাও পাওলোর মেয়র ফার্নান্দো হাদ্দাদ এটাকে বলছেন ‘গেরিলা যুদ্ধ’। বিশ্বকাপের সময় এর কাছাকাছি কিছু হলেও সেটা হবে কেলেঙ্কারি।
গোদের ওপর বিষফোড়ার মতো যোগ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মবিরতি। গত সপ্তাহেই ব্রাজিলের ২৬টি রাজ্যের সাতটিতে ধর্মঘট পালন করেছে ব্রাজিলিয়ান পুলিশ। অথচ গত বছর কনফেডারেশনস কাপের সময় এই পুলিশই রীতিমতো নিপীড়ন চালিয়েছে বিক্ষোভকারীদের ওপর। মাঠে যখন খেলছিলেন নেইমাররা, মাঠের বাইরে তখন পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিপেটায় বিভীষিকা নেমে এসেছিল সাও পাওলো-রিও ডি জেনিরোর রাস্তায় রাস্তায়।
এ তো গেল নাগরিক ভোগান্তির কথা। স্টেডিয়ামের কাজও এখনো শেষ হয়নি। উদ্বোধনী ম্যাচের ভেন্যু সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে করিন্থিয়ানস বনাম ক্রুজেইরো একটা প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা ২৯ মে। বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি পুরোপুরি প্রস্তুত কি না, সেটি যাচাই করে দেখাই এটির উদ্দেশ্য। সেটি এখন অন্য একটা ভেন্যুতে সরিয়ে নিতে হয়েছে। সাও পাওলোর প্রস্তুতি যাচাই হবে ১ জুনের ম্যাচ দিয়ে।
গত রোববার অবশ্য ফিগেরেন্সের সঙ্গে করিন্থিয়ানসের একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। কিন্তু প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে সেদিন দর্শক ছিল মাত্র ৩৬ হাজার। অনেক জায়গায় দর্শকদের বসার মতো ব্যবস্থাই ছিল না! এএফপি।