বিশ্বকাপ নিয়ে পেলের দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। ব্রাজিলের হয়েছে সেই অবস্থা। ১৯৫০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ চলাকালেও গ্যালারির নির্মাণকাজ চলছিল মারাকানা স্টেডিয়ামে। এবারও কি সেই অবস্থা হবে? সময়ই বলে দেবে। তবে ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হচ্ছে না তাদের। আর এটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ‘ফুটবলসম্রাট’ পেলে। যে গতিতে কাজ হচ্ছে তাতে ব্রাজিল লজ্জার মুখে পড়বে বলেই ধারণা ব্রাজিল কিংবদন্তির।নতুন স্টেডিয়াম নির্মাণ, পুরোনো স্টেডিয়ামের সংস্কার ও দেশের ‘ভীতি-জাগানিয়া’ বিমানবন্দরব্যবস্থা নিয়ে নিজের উদ্বেগ গণমাধ্যমকে জানিয়েছেন পেলে, ‘আপনারা জানেন, অলিম্পিক ও বিশ্বকাপ আনতে আমাদের কত যুদ্ধ করতে হয়েছে, ভোটের জন্য সারা বিশ্ব চষে বেড়াতে হয়েছে; আর এখন এমন সময় উপস্থিত হয়েছে, যা সবাইকে ভাবাচ্ছে। এখন যেভাবে বিশ্বকাপের প্রস্তুতি চলছে, বিশেষ করে যোগাযোগব্যবস্থায়, সে রকম চলতে থাকলে ব্রাজিল বড় ধরনের লজ্জার মুখে পড়বে। বিমানবন্দরগুলোর অবস্থা ভয়ানক এবং এগুলো শুধু ব্রাজিলিয়ানদের জন্য নয়।’ফিফার কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলেছেন পেলে। কথা বলেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সঙ্গে সংশ্লিষ্ট কিছু লোকের সঙ্গেও। প্লাতিনিও ব্রাজিলের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।বেশির ভাগ কাজই সময়ের চেয়ে পিছিয়ে আছে। কিছু স্টেডিয়ামের নির্মাণকাজ এখনো শুরু হয়নি। সাও পাওলোর করিন্থিয়ানস ক্লাবের স্টেডিয়াম এমনই একটি। ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি হওয়ার কথা সাও পাওলোয়। তবে করিন্থিয়ানস কীভাবে তাদের স্টেডিয়ামকে বড় করবে, সেটা দেখার বিষয়। ফিফার নির্দেশ অনুযায়ী স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬০ হাজারে উন্নীত করতে হবে। আগামী মাসে কাজ শুরু হওয়ার কথা।স্টেডিয়াম ছাড়াও অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন, বিশেষ করে বিমানবন্দরগুলোর। নাজুক অবস্থায় থাকা বিমানবন্দরগুলো বিশ্বকাপের প্রধান বাধা, মনে করছেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী অরলান্ডো সিলভা। রয়টার্স।