বিশ্বকাপ নিয়ে সন্তুষ্ট আইসিসি
এ পর্যন্ত বিশ্বকাপ যেভাবে এগোল, তাতে সবকিছুই সফল। এটাই চাইছিল আইসিসি। কাল সকালে সংবাদ সম্মেলনে বললেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।বিশ্বকাপ সফল কোন মানদণ্ডে? সেটিরও একটা ধারণা দিয়েছেন লরগাত, ‘দেখুন, এবার বিশ্বকাপে ওভারপ্রতি ৫ রান করে হচ্ছে। তার মানে টি-টোয়েন্টির ধুমধাড়াক্কায় ওয়ানডে ক্রিকেটটা হারিয়ে যাচ্ছে না। এবং এটা বলতে পারি, ওয়ানডে ক্রিকেট থাকছে তার স্বমহিমায়। এর ভবিষ্যৎ নিয়ে মোটেও আমরা চিন্তিত নই।’রেফারেল পদ্ধতি নিয়ে কথা উঠেছে। প্রযুক্তির ব্যবহার ক্রিকেটকে কতটা যান্ত্রিক করে ফেলছে, এসব নিয়েও কথা বলতে হলো আইসিসির প্রধান নির্বাহীকে, ‘বিষয়টা নিয়ে আমি চারজন অধিনায়কের সঙ্গে কথা বলেছি। সবার মতামত নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে এর পক্ষে। রেফারেল পদ্ধতি দলগুলোকে সুবিধা দিয়েছে। মে মাসে আইসিসির নির্বাহী সভায় এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে।’১৯৯৬-এর পর এবার কোয়ার্টার ফাইনালে উঠেছে টেস্ট খেলুড়ে আটটি দেশ। ক্রিকেটের বিশ্বায়ন তাহলে কোথায় হলো? নতুন শক্তি তো উঠে এল না! লরগাতের জবাব, ‘এটাই আমাদের কাছে প্রত্যাশিত ছিল। তার মানে এই নয়, গত ১৫ বছরে ক্রিকেট এগোয়নি, কিংবা এর বিশ্বায়ন হয়নি। এখন ১০৫ দেশে ক্রিকেটচর্চা হচ্ছে।’এবার এখন পর্যন্ত কোনো পজিটিভ ডোপ টেস্ট, কিংবা কোনো ম্যাচ গড়াপেটার অভিযোগ পাননি বলে জানালেন লরগাত। সর্বভারতীয় একটি সংবাদপত্র ম্যাচ গড়াপেটার রিপোর্ট ছাপানোয় ক্ষোভ প্রকাশ করেন আইসিসির প্রধান নির্বাহী, তবে স্বীকার করেন টিকিট বিক্রি নিয়ে একটু এদিক-সেদিক হয়েছে, ‘টিকিট কালোবাজারির ব্যাপারটা আমরা দেখছি এবং এটা বন্ধ করার ব্যাপারে করণীয় নিয়ে ভাবা হচ্ছে।’