বিশ্বকাপ পর্যন্তই থাকছে রফিকুলের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন বিসিবির তিন নির্বাচক। অবশেষে বাড়ানো হচ্ছে তাঁদের দায়িত্বের মেয়াদ। আগামী ৩০ সেপ্টেম্বর নয়, ২০১১ বিশ্বকাপ পর্যন্তই দায়িত্বে থাকছে রফিকুল আলমের নির্বাচক কমিটি।নির্বাচক কমিটির দায়িত্বের মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্ক হয়েছে অনেক। সর্বশেষ গত ২৯ জুলাই অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদের ১৯তম সভায় নির্বাচক কমিটির মেয়াদ তিন মাস বাড়িয়ে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। বিশ্বকাপের আগে নির্বাচক কমিটির মেয়াদ মাত্র তিন মাসের জন্য বাড়ানোয় অসন্তুষ্ট হয়েছিলেন নির্বাচকেরা, বোর্ডকেও সইতে হয়েছে অনেক সমালোচনা। এরপর বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল তিন নির্বাচককে নৈশভোজে ডেকে আশ্বাস দেন, বিশ্বকাপ পর্যন্তই বাড়ানো হবে তাঁদের দায়িত্বের মেয়াদ।সেই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় নির্বাচকদের দায়িত্বের মেয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। টেকনিক্যাল কমিটির সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল বলেছেন, ‘টেকনিক্যাল কমিটির গত সভায় নির্বাচক কমিটির মেয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ৩০ সেপ্টেম্বরের পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে। এর আগে চূড়ান্ত অনুমোদনের জন্য তা বোর্ড সভায় তোলা হবে।’