বিশ্বকাপ ফাইনাল এবং স্পেনের উত্তর-দক্ষিণের লড়াই
কাল রোববারের ফাইনালটি নিয়ে কী ভাবছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ? কাল হল্যান্ডের বিপক্ষে স্পেনের যে দলটি মাঠে নামবে, তার অধিকাংশ খেলোয়াড়ই যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। তবে পেরেজ আনন্দিত হতে পারেন, দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস, রাইটব্যাক সার্জিও র্যামোস আর মিডফিল্ডার জাবি আলোনসোকে দেখে। তাঁরা তিনজনই যে রিয়ালের সেনানি। কোচ ভিসেন্ত দেল বস্কও তাঁর মধ্যে কিছুটা গৌরবের অনুভূতি জাগিয়ে তুলতে পারেন, বর্তমানের স্পেন ‘বস’ নিজেও যে বহু বছর নুন খেয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুর এই ক্লাবটির।ওপরের কথাগুলো একটু কেমন হয়ে গেল না? অনেকেই বলতে পারেন, নিখাঁদ দেশপ্রেমিক কেউ কি এসব ভাবতে পারেন? বিশ্বকাপ ফাইনালে খেলছে দেশ, আর ইতিহাসের এমন যুগসন্ধিক্ষণে রিয়াল-বার্সার রেষারেষি? যাঁরা এমনটি ভাবছেন, তাঁদের ভাবনা ঠিকই আছে। তবে স্প্যানিশ ফুটবলের কথা বললে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াইয়ের কথা চলে আসবে না, সেটা ভাবা বোধ করি কিছুটা বোকামি।পেরেজ অবশ্য জানিয়ে দিয়েছেন, যদিও স্প্যানিশ দলে বার্সার আটজন খেলোয়াড়ের সমাবেশ, এর পরও তাঁর হূদয়জুড়ে ফাইনালে কেবলই থাকবে স্প্যানিশ বন্দনা। ফাইনালের সময়টাতে রিয়াল-বার্সা রেষারেষিকে দূরেই রাখতে চান তিনি।ঐতিহাসিকভাবেই স্পেন দুই শিবিরে বিভক্ত। উত্তর ও দক্ষিণ স্পেনের এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার রয়েছে অনেক রাজনৈতিক গুরুত্বও। উত্তর স্পেনের কাতালান জনগোষ্ঠীর প্রাণের দল বার্সেলোনা আর দক্ষিণ স্পেনে অবস্থিত রাজধানী মাদ্রিদের দল রিয়াল দেশটির দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করে স্পেনের একনায়ক ফ্রান্সিকো ফ্রাঙ্কোর সময়কাল থেকেই। অতএব এই দুটি ক্লাবের চিরন্তন বৈরিতা চলে আসতে পারে বিশ্বকাপের ফাইনালেও, অন্তত সমর্থকদের চিন্তা-চেতনায়।ফ্লোরেন্তিনো পেরেজ, পেশায় একজন নির্মাণ-ব্যবসায়ী। অর্থবিত্তে, বৈভবে স্পেনের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। দ্বিতীয়বারের মতো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ছোটবেলা থেকেই ফুটবল এবং এর তারকা খেলোয়াড়দের প্রতি অসীম আগ্রহ আর অনুরাগ প্রতিফলিত হয়েছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবেও। তারকার বাইরে তিনি যেতেই চান না। গত এক দশকে তিনি তাঁর ক্লাবে সমাবেশ ঘটিয়েছেন বিশ্বের নামজাদা তারকা খেলোয়াড়দের। তিনি তারকাদের প্রতি এতটাই অনুরক্ত যে, পছন্দের তারকাটিকে রিয়ালে ভেড়াতে সব সময়ই রেকর্ড অঙ্কের অর্থও খরচ করেন। ফুটবল বিশ্বের তারকা ফুটবলারদের উচ্চমূল্যের ট্রান্সফার মানির জন্য ফ্লোরেন্তিনো পেরেজের আলাদা একটা অবস্থানই তৈরি হয়ে গেছে।রিয়াল মাদ্রিদে খেলা দুজন খেলোয়াড়কে এই বিশ্বকাপের ফ্লপ হিসেবে অভিহিত করা যেতে পারে। এ দুজনকেই ফ্লোরেন্তিনো পেরেজ রেকর্ড অঙ্কের ট্রান্সফার মানি দিয়ে দলে ভিড়িয়েছিলেন। এঁদের মধ্যে একজন তো বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়েরই মর্যাদায় অধিষ্ঠিত। হ্যাঁ, ব্রাজিলের কাকা আর পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলছি। অতীতেও রিয়াল মাদ্রিদ অনেক তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে, যাঁরা তাদের ক্লাব ও দেশ দুটোকেই গৌরবান্বিত করেছেন নিজের পারফরম্যান্স দিয়ে। ফ্রান্সের জিনেদিন জিদান, ব্রাজিলের রোনালদো, পর্তুগালের লুইস ফিগো কিংবা ইংল্যান্ডের ডেভিড বেকহাম—সবাই ছিলেন ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়েই সমান জনপ্রিয় ও সফল। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায়, বার্সেলোনা সব সময়ই নতুন তারকা তৈরিতে মনোযোগ দিয়েছে। রিয়াল মনোযোগ দিয়েছে তারকাদের কাছ থেকে সেবা পাওয়ায়। অতীতে অনেক ক্ষেত্রে দেখা গেছে, বার্সেলোনা হয়তো একজন খেলোয়াড় তৈরি করেছে, সে প্রতিষ্ঠিত হয়েছে, তারকাখ্যাতি পেয়েছে, রিয়াল হয়তো কয়েক বছর পর উচ্চমূল্যের ট্রান্সফার মানি দিয়ে সেই খেলোয়াড়টিকে দলে ভিড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ লা লিগা কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সাফল্যের দিক দিয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেললেও আন্তর্জাতিক বাণিজ্যে বার্সেলোনা সব সময়ই রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক পেছনে ছিল।রোববারের ফাইনালে হল্যান্ড যদি স্পেনকে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়, তাহলে ফ্লোরেন্তিনো পেরেজকে দেশবোধের বাইরে গিয়ে কিছুটা লজ্জিত হতেই হবে। কারণ, দুই ডাচ তারকা ওয়েসলি স্নাইডার ও আরিয়েন রোবেনকে রিয়াল মাদ্রিদ গত বছর বিক্রি করে দিয়েছিল যথাক্রমে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের কাছে। এই দুই ডাচ তারকার বিনিময়ে রিয়াল মাদ্রিদ কাকা ও রোনালদোর নাম কিনেছিল। সেটা যে সম্পূর্ণ ভুল একটি সিদ্ধান্ত ছিল, তা প্রমাণিত হয়ে গেছে এ মৌসুমেই। এই মৌসুমে কাকা ছিলেন পুরোপুরি ইনজুরিযুক্ত আর রোনালদো মোটামুটি খেললেও রিয়ালকে এনে দিতে পারেননি কোনো সাফল্য। অন্যদিকে বিক্রি হয়ে যাওয়া ওয়েসলি স্নাইডার ও আরিয়েন রোবেন তাঁদের ক্লাব ইন্টার ও বায়ার্নকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। স্নাইডার ইন্টার মিলানকে এনে দিয়েছেন ইউরোপের সবচেয়ে সেরা ক্লাব প্রতিযোগিতার শিরোপা।হল্যান্ড চ্যাম্পিয়ন হলে আরেকটি দিক পেরেজকে পীড়া দেবে। রিয়ালে খেলা আরেক ডাচ তারকা রাফায়েল ফন ডার ভার্ট নিজেকে রিয়াল মাদ্রিদে মনে করছেন অপাঙক্তেয়। এই মৌসুমে তিনি দিন গুনছেন কবে রিয়াল মাদ্রিদ তাঁকে বিক্রি করবে, তিনি হয়ে যাবেন মুক্তবিহঙ্গ। আর হান্টেলার তো মনে করছেন, তিনি রিয়াল মাদ্রিদে এসে করেছেন জীবনের সবচেয়ে বড় ভুলটা।স্পেনকে ফাইনালে তোলার পর স্প্যানিশরা এরই মধ্যে কোচ ভিসেন্ত দেল বস্ককে অবতারের মর্যাদা দিয়ে ফেলেছে। তবে ১৯৬৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সুদীর্ঘ সময় বিভিন্ন পর্যায়ে রিয়াল মাদ্রিদকে সেবা দিয়ে আসা এই সফল কোচকে নিয়ে খুব একটা আগ্রহী নন পেরেজ। তিনি বলেছেন, বস্ক রিয়ালকে চারবার লা লিগা এবং দুবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়েছেন ঠিকই, তবে আমার মনে হয়েছে তিনি তাঁর সামর্থ্যের শেষ সীমানায় দাঁড়িয়ে। তাঁকে ভবিষ্যতে রিয়ালের কোচ করলে কোনো লাভ হবে না।’ নিখাঁদ ব্যবসায়ী পেরেজ ‘লাভ-ক্ষতি’ নিয়ে চিন্তা তো করবেনই।এবারের বিশ্বকাপে বার্সেলোনার আটজন খেলোয়াড় নিয়ে স্পেন যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই যায়, তাহলে নিশ্চিত থাকুন, ফ্লোরেন্তিনো পেরেজের অর্থের হাতছানিতে অনেক বার্সা ফুটবলারই কাটা পড়বেন। তখন রোনালদো, কাকারা হয়ে উঠবেন পেরেজের কাছে অসহ্য বোঝা। তিনি নিশ্চয় হাত বাড়াবেন বার্সেলোনার খেলোয়াড়দের দিকে! বিশ্বচ্যাম্পিয়ন দলের আটজন খেলোয়াড় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায়—ব্যাপারটি তিনি সহ্য করবেনই-বা কীভাবে?