বিশ্বকাপ ফাইনাল: দুই গ্রেটের মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালটি শেষ পর্যন্ত পরিণত হলো দুই গ্রেটের লড়াইয়ে। শচীন টেন্ডুলকার বনাম মুত্তিয়া মুরালিধরন। ভারত ও শ্রীলঙ্কার পরিচিতি ছাপিয়ে আগামী ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দুই মহান ক্রিকেটার মুখোমুখি হবেন নিজেদের বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেক হিসাবের জের টানতে। এটি যে মুরালির শেষ ম্যাচ—তা আগেই জানা। কিন্তু, টেন্ডুলকারের শেষ ম্যাচ কি না, তা জানা না গেলেও আরেকটি বিশ্বকাপ যে তিনি খেলবেন না—সেটা এক প্রকার নিশ্চিতই। আর তা হলে ‘সব পেয়েও অতৃপ্ত’ টেন্ডুলকার সে দিন মনে-প্রাণেই চাইবেন নিজের ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের সুখস্মৃতিকে সংযুক্ত করে রাখতে। অন্যদিকে মুরালি বিশ্বকাপ জয়ের স্বাদ আগে একবার পেলেও আরেকবার বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করার সুযোগ হাতছাড়া করতেই বা চাইবেন কেন? সব মিলিয়ে ক্রিকেট রোমান্টিকদের রোমাঞ্চের দারুণ এক মঞ্চই শেষ অবধি হয়ে উঠছে দশম বিশ্বকাপের ফাইনাল।শচীন টেন্ডুলকার জীবনে সব পেয়েছেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৯৯টি আন্তর্জাতিক শতকের মালিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পরেও কমপক্ষে ২০০ বছর ক্রিকেটে অমর হয়ে থাকার সব কীর্তিই সম্পন্ন করেছেন। তাঁর ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার অনাগত দিনেও উজ্জীবনী সুধা হয়ে রইবে অনেক তরুণ ক্রিকেটারেরই। এত কিছু পেয়েও এই টেন্ডুলকার আজ আক্ষেপ করে মরেন দেশকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিতে না পারায়। এ বিশ্বকাপের আগে পাঁচটি বিশ্বকাপ খেলেও দেশকে এই অনন্য সাফল্য এনে দিতে না পারার বেদনা মেটানোর অসাধারণ এক সুযোগ তাঁর এসেছে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে। ২ এপ্রিল মুম্বাইয়ের ঘরের মাঠেই তাঁর অতৃপ্তি মিটিয়ে দেওয়ার চমত্কার সুযোগ সামনে এসেছে। ভারত-ভক্তই কেবল নয়, ক্রিকেটানুরাগী অনেকেই চান, সব পেয়ে ধন্য টেন্ডুলকারের হাতে এবার বিশ্বকাপের ট্রফিটিই উঠে আসুক। ক্রিকেটের ‘হল অব ফেম’এ এই ছবিটিরই যে বড় অভাব এ মুহূর্তে!১৯৯৬ সালের বিশ্বকাপ ছিল মুরালিধরনের ‘গ্রেট’ হয়ে ওঠার প্রথম পদক্ষেপ। পেছনের সারি থেকে নিজের ‘ডার্ক হর্স’ বানিয়ে সেবার শ্রীলঙ্কার বিশ্বকাপ জিতে নেওয়ার পরপরই মুরালি নিজেকে অন্যভাবে চেনালেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করে নিজেকে নিয়ে গেলেও অন্য উচ্চতায়। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা এর আগে অনেকের ঝুলিতে আশ্রয় নিলেও মুরালির ব্যাপারটি আলাদা। ১৩৩ টেস্টে ২২ দশমিক ৭২ গড়ে ৮০০টি উইকেট কি আর কেউ পেয়েছেন! উইকেট সংখ্যাই তাঁকে অমর করে রাখার জন্য যথেষ্ট। তাঁর রেকর্ড যে আরও বহুদিন অক্ষত থাকবে, তা তো বলেই দিয়েছেন শেন ওয়ার্ন, ওয়াসিম আকরামের মতো গ্রেট উইকেট সংগ্রাহকেরা। এককালে মুরালির সঙ্গে যাঁর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেই শেন ওয়ার্নও তো রণে ভঙ্গ দিয়ে এখন ‘সাবেক’-এ পরিণত হয়েছেন। তবে, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে বিশ্বকাপ জয়ের গৌরবে ভাসতে কে না চান, দেশের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সঙ্গী হতে পারার এই অনন্য কৃতিত্ব মুরালি অবশ্যই হেলায় হারাতে চাইবেন না।মুম্বাইয়ের ফাইনালকে ভারত ও শ্রীলঙ্কা দুই দলেরই জন্য পরিণত হয়েছে নিজেদের দুই ‘গ্রেট’ ক্রিকেটারের ঋণ শোধের উপলক্ষ। দুই দলই মুখিয়ে রয়েছে তাদের অজস্র সাফল্যের এ দুই নায়ককে সম্মানিত করতে। বিশ্বকাপ জয়ের আনন্দ সুধা এই দুই গ্রেটকে উত্সর্গ করতে।ক্রিকেটানুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষমাণ, শচীন ও মুরালি নামের ক্রিকেটের দুই অনন্য প্রতিনিধির লড়াই উপভোগের জন্য। পুরো ব্যাপারটিই জিভে জল নিয়ে আসার জন্য যথেষ্ট।