বিশ্বকাপ ফাইনালে অসন্তুষ্ট বেকেনবাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালে গা জোয়ারী ফুটবলের প্রদর্শনী অনেককেই হতাশ করেছে। বিশ্বব্যাপি এ নিয়ে চলছে বিস্তর বিতর্ক। ফাইনালের রেফারিং নিয়েও রয়েছে পক্ষে-বিপক্ষে অনেক মত। জার্মান ফুটবল কিংবদন্তী ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের অসন্তুষ্টি চেপে রাখতে পারেন নি। জার্মানির ‘বিল্ড’ পত্রিকায় প্রকাশিত নিজের এক কলামে জানিয়েও দিয়েছেন সেই অসন্তোষের কথা। তিনি বলেছেন, যেখানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল সবচেয়ে আকর্ষনীয়, সেখানে ফাইনালে দু’দলের কাছ থেকে আমরা উপহার পেলাম সবচেয়ে বাজে একটি ম্যাচ। এই ম্যাচ ছিল ম্যাড়মেড়ে, পেশি ফুলিয়ে দু’দলের খেলোয়াড়েরা মাঠে একে অন্যের ওপর ঝাপিয়ে পড়েছিলেন।’ হাওয়ার্ড ওয়েবের রেফারিংও সন্তুষ্ট করতে পারেনি ফুটবলের এই জীবন্ত কিংবদন্তীকে। তিনি তাঁর লেখায় একটি হিসাব দিয়ে বলেছেন, ‘এর আগে বিশ্বকাপের ১৮টি ফাইনালে হলুদ কার্ড দেখানো হয়েছে ১৪টি। আর এবারের ফাইনালেই ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব দেখালেন ১৪টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড। একটি ফাইনাল পরিচালনা করেই অতীতকে ছাড়িয়ে গেলেন তিনি।’ বেকেনবাওয়ার মনে করেন, ফাইনালের চেয়ে জার্মানি-উরুগুয়ের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচটি অনেক বেশি আকর্ষনীয় ছিল। দর্শকেরা আনন্দও পেয়েছে খেলাটি দেখে।