বিশ্বকাপ ফাইনালে মেসিকে চান আলভেজ

১৩ জুলাই, ২০১৪। বিশ্বকাপ ফাইনাল। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মাঠে নামছেন স্বাগতিক ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলাররা। জাতীয় সংগীত শেষে একে অপরের সঙ্গে হাত মেলানোর সময় আর্জেন্টাইন অধিনায়ক মেসির দিকে তাকিয়ে অর্থপূর্ণ একটা হাসি দিলেন ব্রাজিল রক্ষণভাগের প্রধান ভরসা দানি আলভেজ। যেন বলতে চাইলেন, ‘বন্ধুত্ব যতই থাকুক, আজ কিন্তু তোমাকে কোনো ছাড় দেব না।’ কাল্পনিক এই দৃশ্যপটের বয়ান হাজির করতে হলো আলভেজেরই সাম্প্রতিক মন্তব্যের কারণে। কল্পনার তুলিতে যে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের ছবিই আঁঁকছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
বছরের বেশির ভাগ সময়ই মেসি ও আলভেজকে দেখা যায় সতীর্থ হিসেবে। বার্সেলোনার জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করেন এই দুই তারকা ফুটবলার। কিন্তু বিশ্বকাপের আসরে তাঁরাই বনে যাবেন একে অপরের ‘শত্রু’। আলভেজ লড়বেন ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। আর মেসিকে দেখা যাবে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ পাইয়ে দেওয়ার নেতৃত্বে। শেষ পর্যন্ত কেউ সফল হতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে আলভেজ বিশ্বকাপ ফাইনালে মেসির বিপক্ষে মাঠে নামারই স্বপ্ন দেখছেন, ‘বিশ্বকাপ নিয়ে আমার স্বপ্ন হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল।’ শুধু ফাইনালে খেলাই না, মেসিকে হারের স্বাদ দেওয়াই হবে আলভেজের লক্ষ্য, ‘আমি এ নিয়ে মেসির সঙ্গে কথা বলেছি। আর এটা শুধু আমাদের না, তাদেরও স্বপ্ন। কিন্তু শুধু ফাইনালে যাওয়াই আমার লক্ষ্য না। আমি শিরোপাও জিততে চাই।’