গত বছর মেয়েদের বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছিল জাপান। সেটি যে অঘটন ছিল না, অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠে প্রমাণ করে দিল জাপানের মহিলা ফুটবল দল। পরশু সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে অলিম্পিক ফুটবলের ফাইনালে গেল জাপান।কাকতালীয়ভাবে অলিম্পিক ফাইনালটিও এক বছর আগের বিশ্বকাপ ফাইনালেরই পুনর্মঞ্চায়ন। গত বছর ফ্রাঙ্কফুর্টে বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে শিরোপা জিতেছিল জাপান। বছর পেরিয়ে আরেক জুলাইতে অলিম্পিকের সোনার লড়াইয়েও সেই যুক্তরাষ্ট্রেরই মুখোমুখি জাপান। অতিরিক্ত সময়ে গড়ানো অন্য সেমিফাইনালে যুক্তরাষ্ট্র ৪-৩ গোলের নাটকীয় জয় পেয়েছে কানাডার বিপক্ষে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ফাইনালে উঠল পাঁচবারের পাঁচবারই!ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টিন সিনক্লেয়ারের দুর্দান্ত হ্যাটট্রিকে ফেবারিট যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন তিনবার এগিয়ে যায় কানাডা। ২৯ বছর বয়সী স্ট্রাইকার গোল করেন ২২, ৬৭ ও ৭৩ মিনিটে। এ নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল তাঁর। মেগান র্যাপিনোর দুই গোল ও অ্যাবি ওয়ামবাচের গোলে সমতায় ফেরায় যুক্তরাষ্ট্র। পরে অতিরিক্ত সময়ে দলকে ফাইনালে তুলে দেন অ্যালেক্স মেগান। ওয়ামবাচের পেনাল্টি থেকে করা তৃতীয় গোলটি নিয়ে অবশ্য বিতর্ক আছে।পুরুষ ফাইনালে মেক্সিকো: জাপানের পুরুষ দলের সামনেও সুযোগ ছিল ফাইনালে উঠে যাওয়ার। কাল সেমিফাইনালে মেক্সিকোর বিপক্ষে ১২ মিনিটে এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জাপান হেরে যায় ৩-১ গোলে। এই প্রথম অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠল মেক্সিকো। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। ওয়েবসাইট।