বিশ্বকাপ ফুটবলকে জনপ্রিয় করেছে যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসবল, বাস্কেটবল, রাগবির ভিড়ে ফুটবলটা কখনোই সেভাবে জনপ্রিয় হতে পারেনি যুক্তরাষ্ট্রে। ফুটবলের চর্চা চলে খুব সীমিত পরিসরেই। ফুটবল বিশ্বকাপ সারা বিশ্বে ঝড় তুললেও খুব একটা উত্তাপ ছড়ায় না যুক্তরাষ্ট্রে। তবে এবার বোধহয় পাল্টে যাচ্ছে পুরো পরিস্থিতিই। যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উত্তাপ। এবারই প্রথমবারের মতো পুরো যুক্তরাষ্ট্রেই পাতাল রেলস্টেশনগুলোতে দেখা যাচ্ছে বিশ্বকাপের পোস্টার, ট্যাবলয়েডগুলোর প্রথম পাতায় থাকছে বিশ্বকাপের খবর। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি কিংবা সিয়াটলের অনেক বারে লোকজন ভিড় করে দেখছে যুক্তরাষ্ট্রের খেলা। এর আগে কখনো ফুটবল খেলা দেখেননি—এমন লোকজনও আসছেন খেলা দেখতে। যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচটি ইএসপিএন টিভি চ্যানেলে দেখেছেন ৬ দশমিক ১ মিলিয়ন মার্কিন দর্শক। প্রায় প্রতিটি প্রধান দৈনিকে বেশ ফলাও করে ছাপা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাফল্যগাঁথা।ল্যানডন ডানোভানের একটা গোল যে পাল্টে দেবে সবকিছু, তা কে ভেবেছিল? আলজেরিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে ডানোভানের সেই নাটকীয় গোলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের। ইএসপিএনের ধারাভাষ্যকার গ্লেন ডেভিস এই গোলটাকে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ফুটবল জনপ্রিয় করার ক্ষেত্রেও এই ম্যাচটা একটা মাইলফলক হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের এক ফুটবল সমর্থক ডানোভানের গোলটি সম্পর্কে বলেছেন, ‘নিল আর্মস্ট্রংয়ের চাঁদে নামার ঘটনার মতোই ডানোভানের গোলটি একটি বিরাট ঘটনা। এই গোলটি যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসকে পাল্টে দেবে।’ এবারের বিশ্বকাপে যত দূরই যাক, যাই ফল করুক, ফুটবলকে নিজেদের দেশে জনপ্রিয় করে তুলতে যুক্তরাষ্ট্র ফুটবল দল কিন্তু বিরাট এক অবদানই রেখে ফেলল।