বিশ্বকাপ ফুটবলে ৪০ দেশের প্রস্তাব প্লাতিনির

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্তপর্বে ৪০টি দেশের অংশগ্রহণ চান মিশেল প্লাতিনি। উয়েফাপ্রধানের আশা ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপেই অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪০ হবে। প্লাতিনি এ ব্যাপারে ফিফাপ্রধান সেপ ব্ল্যাটারের মতামতকেই সমর্থন জানালেন। কিছুদিন আগে ব্ল্যাটারও ৪০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা বলেছিলেন। প্লাতিনির প্রস্তাবে অবশ্য খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে এশিয়া ও আফ্রিকার। বিশ্ব ফুটবলের পেছনের সারিতে থাকা এই দুটি মহাদেশ থেকেই বিশ্বকাপে দল বাড়ানোর পক্ষে এই ফরাসি ফুটবল কিংবদন্তি। এর পক্ষে প্লাতিনির যুক্তিটা প্রণিধানযোগ্য। তিনি মনে করেন যেহেতু এই দুটো মহাদেশে ইউরোপ ও লাতিন অঞ্চলের চেয়ে ফিফার সদস্য সংখ্যা বেশি, তাই বিশ্বকাপে এশিয়া ও আফ্রিকা থেকে আরও দু-একটি দলের অংশগ্রহণ বাড়ালে ক্ষতি নেই। ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলছে ৩২টি দেশ। ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকা থেকে পাঁচটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। লাতিন অঞ্চল থেকে চারটি সরাসরি সুযোগ পেলেও তাদের একটি অতিরিক্ত জায়গার জন্য প্লে অফ খেলতে হয় এশিয়ার পঞ্চম দলের সঙ্গে। একই ব্যাপার এশিয়ার ক্ষেত্রে। লাতিন ও এশিয়া অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে সুযোগ পায় চারটি করে দল। অন্যদিকে উত্তর আমেরিকা বা কনকাকাফ অঞ্চল থেকে তিনটি দল সরাসরি সুযোগ পেলেও অতিরিক্ত একটি জায়গার জন্য তাদের লড়তে হয় ওশেনিয়ার একটি দলের সঙ্গে। এর বাইরে একটি জায়গা নির্ধারিত থাকে স্বাগতিক দেশের জন্য। ব্রিটেনের ‘টাইমস’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে প্লাতিনি বলেছেন, বিশ্বকাপে ইউরোপের অংশগ্রহণকারী দল না কমিয়েও এশিয়া ও আফ্রিকার দলের সংখ্যা বাড়ানো যেতে পারে। আটটি দল বেড়ে গেলে বিশ্বকাপের সময়সীমা খুব একটা বড় হবে না বলেও মন্তব্য করেছেন তিনি বলেন, ‘আটটি দল বাড়ালে সময়সীমা বাড়বে মাত্র তিন দিন। আমরা এই সুযোগটা নিতে পারি।’ প্লাতিনি বাড়তি আটটি দল কোন মহাদেশ থেকে নেওয়া যাবে সেটাও নির্দিষ্ট করে বলেছেন, ‘আফ্রিকা, এশিয়া ও দুই আমেরিকার প্রতিটি থেকে আমরা দুটি করে দল বাড়াতে পারি। ইউরোপ ও ওশেনিয়া থেকেও একটি করে দল বাড়তে পারে।’ মিশেল প্লাতিনির এই প্রস্তাবে ফুটবলের বিশ্ব রাজনীতির গন্ধ পেয়ে যাচ্ছেন অনেকে। এটা মোটামুটি পরিষ্কার যে সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে প্লাতিনি নিজেকে এক প্রকার প্রতিষ্ঠিতই করে ফেলেছেন। এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ভোট নিশ্চিত করতেই তিনি এই প্রস্তাব দিয়েছেন বলেই বিশ্লেষকদের ধারণা। তবে প্লাতিনির প্রস্তাব যে ফুটবলের পিছিয়ে পড়া মহাদেশগুলোকে উজ্জীবিত করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী বছর বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে—এটা সবাই জানেন। ২০১৮ সালের বিশ্বকাপ নির্ধারিত রাশিয়ার জন্য। ২০২২ সালে বিশ্বকাপ ২০ বছর পর আবারও ফিরবে এশিয়ায়—কাতারে।