বিশ্বকাপ ফ্ল্যাশব্যাক

জোড় সাল, কিন্তু লিপইয়ার নয়। চার বছর অন্তর এমন একটি বছরের মধ্যবর্তী মাসটা কাছে এলেই কেমন শিহরণ জাগে। এসে গেল সেই সময়গুলো। অন্তহীন রোমাঞ্চ, অসহ্য স্নায়ুপীড়ন, রাতজাগা ঢুলুঢুলু চোখ। আর অনিঃশেষ ফুটবল মাধুরী।
১৯৭৮-এ ছিলাম রেডিওর বিশ্বকাপ খবরে উৎকীর্ণ শ্রোতা। ’৮২-তে কলেজ হোস্টেলের মিলনায়তনে টেলিভিশনের সামনে জঙ্গি দর্শক। ’৮৬ ও ’৯০-এ বিশ্ববিদ্যালয় হলের মিলনায়তনে কোনো দলের পাঁড় সমর্থক। ’৯৪ ও ’৯৮-এ বিশ্লেষণাত্মক চোখ নিয়ে নিরাবেগ দর্শক; কেননা ক্যারিয়ার লাইনচ্যুত হয়ে তত দিনে ঢুকে পড়েছে ক্রীড়া সাংবাদিকতার বৃত্তে। তারপর সেই ২০০২। কোরিয়া-জাপানের মাঠে মাঠে নোটবুক নিয়ে ঘোরা সাংবাদিক।
সাংবাদিক হলে আবেগটাকে বশে রাখতে হয়। কিন্তু না, দক্ষিণ কোরিয়ার ইনচন বিমানবন্দরে পা ফেলে আর রাখা গেল না। পতাকা, ব্যানার, ফেস্টুন। মানুষের লম্বা সারি। মাঝারি, লম্বা, বেঁটে। মোটা, দোহারা, রোগা, পাতলা। সাদা, কালো, বাদামি। পেটের মধ্যে নাচতে থাকল প্রজাপতি। ইমিগ্রেশন কর্মকর্তার সামনে অস্বাভাবিক দেরি দেখে পেছনে থাকা সহযাত্রী আরেক বাংলাদেশি সাংবাদিকও তখন কাঁপছিলেন। কারণ অন্য। ফিফার অ্যাক্রিডিটেশন ফর্মে ভিসা জরুরি নয় লেখা দেখে কেউই ভিসা করে যাইনি। তাহলে কি আটকেই গেলাম? ফিরে যেতে হবে ঢাকায়? সেসব কিছুই নয়। বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিক জেনে ইমিগ্রেশন কর্মকর্তা সৌজন্য বিনিময় করছিলেন। তাতেই সিলটা পড়ল ভুল জায়গায়। ফলে অনাকাঙ্ক্ষিত দেরি। শ্বাসরোধকারী এই বিলম্বেও লাভ হলো। বুঝতে পারলাম, ফিফার কী অসীম ক্ষমতা আর বিশ্বকাপ কত বড়।
দক্ষিণ কোরিয়া থেকে জাপান যাওয়ার পথে একই অভিজ্ঞতা। ঠাঁই নেই, ঠাঁই নেই পরিস্থিতিতে বিমানে যাওয়া গেল না টোকিও। কিন্তু ১২ জুন ইয়োকোহামা স্টেডিয়ামে ব্রাজিল-জার্মানি ফাইনাল কাভার করতে তো যেতেই হবে। পথ বাতলে দিলেন সিউল হোটেলের ম্যানেজার। বুসান থেকে জাহাজে সমুদ্র পেরিয়ে জাপানের ফুকুওকা হয়ে টোকিও। জাহাজে বাঙালি সহযাত্রীরা ভয় ধরিয়ে দিলেন, আকাশপথের বদলে সমুদ্রপথে জাপানে ঢুকতে দেবে না ইমিগ্রেশন। বিশ্বকাপ অ্যাক্রিডিটেশন ওই বাধাটাও সরিয়ে দিল হ্যাঁচকা টানে। বিশ্বকাপের কী বিপুল ক্ষমতা!
আট বছর পর আবারও আমি বিমানবন্দরে স্নায়ুজর্জর। এবার ঢাকাতেই এয়ারলাইনসের কর্মী আটকে দিলেন। বিমানে ওঠা হবে না। ভিসা নেই যে! কিন্তু ভিসা কেন লাগবে, ফিফা অ্যাক্রিডিটেশন আবেদনই তো ভিসা। অনেক ধরাধরির পর সেই লোক ফোন করতে বাধ্য হলেন দুবাইয়ে। কী কথা হলো জানি না। পরমুহূর্তেই সসম্মানে ইমিগ্রেশন পেরোনোর ব্যবস্থা। তারপর দুবাই এবং অবশেষে জোহানেসবার্গ বিমানবন্দর পেরিয়ে নেলসন ম্যান্ডেলার দেশের বিশ্বকাপ মঞ্চে। ফিফা আর বিশ্বকাপ আসলেই অনেক বড়!
এই ছবিটা বাইরের। যেটা দেখা যায় না। দৃশ্যত এটি বিশ্বসম্মিলনী। মানুষে-মানুষে, সংস্কৃতি-সংস্কৃতিতে। আলোর ঈশ্বররা মাঠে নামেন। পতঙ্গের মতো আমরা তাঁদের পিছু ছুটি। কেউ দেখি খেলা, কেউ দেখি জীবন। কেউ লিখি খেলা আর জীবনের গল্প। লিখিয়েদেরও কী বিরাট মেলা। মেইন প্রেস সেন্টারে হাজার বারো শ মুখ। পৃথিবীর নানা প্রান্তের। দিন যত এগোয়, ফাঁকা হতে থাকে মেলা। ঠিক যেমন করে এগোয় জীবন। একসময় তা দুদলের শ্রেষ্ঠত্বের মঞ্চ। একটা দল সবটুকু আলো কেড়ে বাকিটুকুকে করে দেয় নিঃস্ব। মাঠের সবুজে দাঁড়িয়ে কেউ একজন ছুঁয়ে ফেলেন আকাশ। ১৯৭০-এ ছুঁয়েছেন পেলে। ১৯৭৪-এ বেকেনবাওয়ার। ১৯৮৬-তে ম্যারাডোনা। ১৯৯৮-এ জিদান।
২০০২-এ চোখের সামনে সবাইকে ছাড়িয়ে উঠে দাঁড়াতে দেখলাম একজন রোনালদোকে। ‘পেন্টা’ এল ব্রাজিলের। চার বছর আগের সমালোচনার বিষে নীলকণ্ঠ এই রোনালদো দূর আকাশের তারা নন। একেবারেই মাটিতে পা রাখা কোনো এক সাধারণ। পাশের বাড়ির ছেলেটি। সিউলের সোফিটেল হোটেলে যিনি বাংলাদেশের সাংবাদিকের সঙ্গে সহাস্যে কথা বলেন। তাঁর নোটবুক ছিনিয়ে নিয়ে নিজে থেকেই অটোগ্রাফ দেন। কোস্টারিকার সঙ্গে গ্রুপ ম্যাচের আগে অলিম্পিক স্টেডিয়ামের অনুশীলনে যখন বজ্রবৃষ্টি হানা দেয়, টানেলে দাঁড়িয়ে গল্পও করেন।
দক্ষিণ আফ্রিকায় দিনের আলোর গভীরে রাতের তারা হয়ে ফোটার প্রতিশ্রুতি ছিল অনেকেরই। একসঙ্গে ফুটল অবশ্য কয়েকটি, একক বিভায় কেউই নন। জোহানেসবার্গের সকার সিটিতে বিশ্বকাপের শাপমুক্তি ঘটাল স্পেন, তবে তা হল্যান্ডের গ্রহণকে আরও দীর্ঘ করে। ভিয়া, জাভি, ইনিয়েস্তাদের ঘিরে যখন চলল আলোর নাচন, স্নাইডার-রোবেনরা আলো থেকে সরে গেছেন ঘন ছায়ায়। ক্যাসিয়াসদের চোখে যখন আনন্দাশ্রু, স্নাইডারদের চোখে সব হারিয়ে ফেলা নোনাজল। আর তারও আগে কেপটাউনে আটলান্টিকের পারে জার্মান-বিস্ময় মেসিদের ঢেকে দিয়েছে অদ্ভুত অন্ধকারে। যেখানে একটুও আলো ছিল না। রোদনভরা রাতে তাঁদের জন্য ছিল কেবল ছোপ ছোপ বিষণ্নতা। মাঠে ‘মেসাইয়া’ হতে পারলেন না মেসি। ডাগআউটে দাঁড়িয়ে আর্জেন্টিনার বহু আরাধ্য আরেকটি জয়ের নির্মাতা হতে পারলেন না ম্যারাডোনা।
যখন চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দিকে ফিরে তাকাই, নায়ক হিসেবে স্মৃতির আয়নায় যেন ভেসে ওঠে ম্যারাডোনারই মুখ। অসুস্থ প্রিয় কুকুরটা মুখে কামড়ে দিয়েছিল বলে দাড়ি কামাতে পারেননি। মুখে তাই কাঁচা-পাকা দাড়ি। ধূসর রঙের স্যুট পরা একটা নাতিদীর্ঘ শরীর ডাগআউটে অস্থির। আনন্দে দুহাত তুলে নাচছেন, হতাশায় ঢেকে ফেলছেন মুখ। মাঝবিরতিতে মেসি, আগুয়েরো কিংবা তেভেজকে জড়িয়ে ধরছেন বুকে। ডাগআউট, ড্রেসিং রুম, অনুশীলন মাঠ ছাড়া দুই মেয়ে দালমা-জিয়ান্নিনা ছায়ার মতো লেপটে রয়েছে তাঁর সঙ্গে। অনুশীলন যাঁকে খেলোয়াড়দের থেকে আলাদা করেছে শুধু শারীরিক আকৃতিতে। সংবাদ সম্মেলনে যিনি আনন্দদায়ী চিরবিস্ময়। ডিয়েগো ম্যারাডোনা!
আরেকটি বিশ্বকাপের বাঁশি শুনব রাত পোহালেই। কিন্তু স্মৃতিগন্ধা বিশ্বকাপ আমাকে নিয়ে যাবে কোরিয়া-জাপানে, দক্ষিণ আফ্রিকায়। চির অমলিন সব স্মৃতি। ফুটবলের, মানুষের, জীবনের।