বিশ্বকাপ বদলে যাওয়া চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ অভিযানে দেশ ছাড়ার আগে গণভবনে। প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ অভিযানে দেশ ছাড়ার আগে গণভবনে। প্রথম আলো

টম হ্যাঙ্কসের বিখ্যাত চলচ্চিত্র ফরেস্ট গাম্প–এর একটা সংলাপ মাঝেমধ্যেই স্মৃতিতে ঘাই দিয়ে যায়, ‘জীবন চকলেটের একটা বাক্সের মতো। কী পাবে সেটা কখনো বলতে পারবে না।’ কে জানত, চার বছর আগের ফেব্রুয়ারি এখন অন্য ভুবনের মনে হবে! সেবারের বিশ্বকাপটা চেখে চেখে তারিয়ে তারিয়ে উপভোগ করার ফুরসত ছিল, কে জানত ঠিক চার বছর পর জীবন আরেকটি বিশ্বকাপের কর্মযজ্ঞে ঝাঁপ দেবে।
সালটা ২০১১। দেশের মাটিতে বিশ্বকাপ, প্রথমবারের মতো। উচ্ছ্বাস-উদ্দীপনা কোনোটিরই বিন্দুমাত্র কমতি ছিল না। এখনো মনে আছে বিশ্বকাপের সেই চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের কথা। ঢাকার আকাশ ভেসে গিয়েছিল আতশবাজির রোশনাইয়ে। বিশ্বকাপ আমাদের দেশে হচ্ছে, আমাদের মাটিতে! বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম ম্যাচের আগের দিনটা এখনো প্রাণবন্ত হয়ে আছে স্মৃতিতে। ঢাকার রাজপথে তখন রঙিন নিশুতি, জাদুর শহরটা যেন সেজেছে বিয়েবাড়ির সাজে। খেলার আগের দিন মিরপুর স্টেডিয়ামে অনিঃশেষ জনস্রোত। সেই জনারণ্যে আমরা মিশে গিয়েছিলাম সবটুকু উচ্ছ্বাস নিয়ে। ভুভুজেলা নামের কর্ণবিদারী একটা বাদ্যযন্ত্র তখন খুব চলছিল, সেটা বাজিয়ে কান ঝালাপালা করে দিয়েছিলাম সবার। মাথায় লাল-সবুজ পতাকা বেঁধে, হেঁড়ে গলায় গান গাইতে গাইতে চলছিলাম স্টেডিয়ামের দিকে। মাঝেমধ্যে মোড়ে মোড়ে দাঁড়িয়ে চলছিল ফটোসেশন। পলাশী থেকে মিরপুর, কম দূরত্ব তো নয়। কিন্তু অসংখ্য অচেনা সহযাত্রীর সাহচর্যে ক্লান্ত হওয়ার অবকাশটুকুও ছিল না। চলছিল গানের কোরাস, মাঝে মাঝেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান। ফেসবুকে টাইমলাইন নামের আলাদীনের এক চেরাগ (টাইমমেশিনও বলতে পারেন চাইলে) আছে, সেটা এক ঝটিকায় আপনাকে নিয়ে যাবে পেছনে। চার বছর আগে ফিরে গেলে একটা স্ট্যাটাস জ্বলজ্বল করছে, ‘আমাদের নিশুতি অভিযান...মিরপুর অবধি বিরতিহীন হণ্টন, তিলোত্তমা ঢাকায় ফটোসেশন...উল্ল¬সিত জনতার উন্মত্ত কোরাস...নাহ্! এত প্রাণবন্ত বাংলাদেশ আগে কখনো দেখিনি...।’ কে বলে, চার বছর অনেক দূরের।
অথচ তখন কল্পনাও করিনি, একদিন এই বিশ্বকাপ নিয়েই লিখে যেতে হবে অক্লেশে। মুশফিক, সাকিবদের উদ্যাপন দেখে তখন সোল্লাসে চেঁচানোর ফুরসত ছিল, সুযোগ ছিল এক পাক নেচে ওঠার। এখন আউটটা কোন বলে হয়েছে, সেটা হিসাব করতে হয় নির্ভুল। সাকিবের চারে অবসর ছিল বন্ধুর সঙ্গে ‘হাই-ফাইভ’ করে নেওয়ার, এখন সাকিব চার মারলে কয়টা হলো সেটা ধরে রাখতে হয় ধূসর নিউরনে। বাংলাদেশের খেলার সময় অদ্ভুত একটা কুসংস্কার ছিল—একবার যেখানে বসে দল ভালো খেলছে, পুরোটা সময়ই সেখানে বসে থাকা চাই। কতর্ব্যজ্ঞানের অবধারিত চাপে সেই সব সংস্কার এখন ভেসে গেছে বেনো জলে। ভাবতে অবাক লাগে, এই তো বছর কয়েক আগেও বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছি মিছিলে স্লোগান তুলে। আর এখন? ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবেগ-অনুভূতিকে বাক্সচাপা দিয়ে ঝড় তুলতে হয় কি–বোর্ডে। আরে, পাতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, জলদি লেখা শেষ করতে হবে না!
পেশাদার সাংবাদিকের কাজটাই আসলে এমন। সবাই যখন শেষ ওভারের স্নায়ুচাপে ভুগছে, আমাদের তখন স্কোরবোর্ডের হিসাব মেলাতে ব্যস্ত থাকতে হয়। পুরো গল্পটা হয়তো মাথায় একভাবে লেখা আছে, শেষ ওভারের নাটকীয়তায় সাজানো চিত্রনাট্যটা এলোমেলো করে দেয় মুহূর্তেই। রুদ্ধশ্বাস উত্তেজনার শেষে মধুরেণ সমাপয়েতে সবাই যখন উদ্যাপনে উন্মাতাল, সেই আবেগে পাথরচাপা দিয়ে কাজ করে যেতে হয় অফুরান।
মুদ্রার উলটো দিকটা না দেখলে অবশ্য অন্যায়ই হবে। এখন হয়তো আমি অন্য কোথাও থাকতে পারতাম। হয়তো নটা-পাঁচটা অফিসের পাষাণপ্রাচীরে টিভিতে চোখ রাখাটাই দায় হয়ে পড়ত। হয়তো দিন শেষে স্কোর দেখেই দুধের স্বাদ মেটাতে হতো ঘোলে। অথচ বিশ্বকাপের এই বিপুল যজ্ঞে আমিও অকিঞ্চিৎকর একজন এখন, আরাধ্য ট্রফিটা কে পাবে সেটা নিয়ে শুধু জল্পনা-কল্পনাই নয়, ব্যবচ্ছেদও করতে পারছি। এটুকু পাওয়াই–বা কম কিসে!