বিশ্বকাপ বর্জনের হুমকি ইতোর
একজন ফুটবলারের ক্যারিয়ারে সুন্দরতম স্বপ্ন হচ্ছে বিশ্বকাপে খেলা। ক্ষোভে, দুঃখে আর অভিমানে এই সুন্দর স্বপ্নটিকে নিজের হাতেই কুটি কুটি করার কথা ভাবছেন স্যামুয়েল ইতো! ভাবছেন বললে একটু কমই হয়। ইতো সরাসরিই জানিয়ে দিয়েছেন, একটা বিহিত না হলে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেবেন তিনি।ক্যামেরুন তো বটেই; পুরো ফুটবল বিশ্বকেই আতঙ্কিত-বিস্ময়ে ঠেলে দেওয়া এই সিদ্ধান্তের কারণ, স্বদেশি কিংবদন্তি রজার মিলার সমালোচনা। যাঁকে শ্রদ্ধার আসনে বসিয়ে বিনম্র শ্রদ্ধা করে এসেছেন আজন্ম, সেই রজার মিলা কিনা ক্যামেরুন দলে ইতোর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ‘সে (ইতো) বার্সেলোনা কিংবা ইন্টার মিলানের হয়ে যত বড় তারকা, দেশের হয়ে ততটা নয়।’ আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম বড় নক্ষত্র মিলা এমনটাও বলেছেন, ‘এটা দলীয় শৃঙ্খলারও প্রশ্ন। ক্যামেরুন তার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।’এমন সমালোচনার শিকার তো অনেক বড় তারকাকেই হতে হয়েছে, হতে হচ্ছে। কিন্তু তাঁরা এমনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। অনেকেই হয়তো বলবেন ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি কিংবা হালের বিস্ময় মেসির কথা।অঁরি-মেসির সমালোচনা করেছে মিডিয়া কিংবা বাইরের ফুটবলবোদ্ধারা। কিন্তু ইতোকে তো কাঠগড়ায় তুলেছেন তাঁরই স্বদেশি, কিংবদন্তি রজার মিলা। ইতোর কষ্টটাও এখানেই। ক্যামেরুন ফুটবল কর্তৃপক্ষ কী ভাবছে কে জানে। তবে পাল্টা জবাবে ইতোও কম যাননি। বলেছেন, এককভাবে তাঁর দিকে মিলার এই তীর ছোড়াটা অন্যায়, দলের জন্য তাঁর আত্মনিবেদন যদি প্রশংসিত না হয়, তাহলে তিনি বিশ্বকাপে যাবেন না। গত শুক্রবার প্যারিসে একটি প্রদর্শনী ম্যাচের সময় সাইড লাইনে বসে থাকা ক্যামেরুনের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা প্রথমেই প্রশ্নের সুরে বলেছেন, ‘এর পরও কি আমার বিশ্বকাপ খেলতে যাওয়া ঠিক হবে? আমি কয়েক দিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছি। এবং একটা কিছু করা আমার জন্য গুরুত্বপূর্ণ।’ ‘সব সময়ই এমনটা দেখা যায়, কোনো টুর্নামেন্টের আগে তিতকুটে মানুষগুলো জেগে ওঠে’—এ কথা বলে ধারালো তীর ছুড়েছেন মিলার দিকে, ‘দেশের জন্য তিনি (মিলা) কী করেছেন? তিনিও তো দেশকে বিশ্বকাপ জেতাতে পারেননি! ১৯৯০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। কিন্তু সেটা ছিল দলীয় সাফল্য। বেশ কয়েকজন মহান খেলোয়াড়ের সমন্বয়ে তাঁদের দলটা ছিল অন্যতম সেরা। তার মানে এই নয় যে, ৪০ বছর বয়সের সেই গৌরব নিয়ে এখনো কথা বলবেন।’ মুখ যখন খুলেছেনই, তখন আর অর্ধেক বলেই বলেই থেমে যাওয়া কেন? পরক্ষণেই বলেছেন, ‘এরপর তো আপনি কেবল বিস্মিতই হবেন। তারা কি আমার দেশের মানুষ? তারা কী সত্যিই আমাদের দেশের? এর পরও কি বিশ্বকাপে যাওয়ার কোনো মানে হয়?’ এএফপি।