বিশ্বকাপ ব্যর্থতায় ফুঁসছে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার মেক্সিকোর সঙ্গে পরাজয়ে বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। বিশ্বকাপে ফ্রান্স এবার বেশি দূর যেতে পারবে না বলে বিশ্বকাপ শুরুর আগেই অনেকে মন্তব্য করলেও বিদায়টা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে তা ভাবেনি কেউই। গোটা ফ্রান্সেই ফুটবল দলের এই ব্যর্থতায় সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের তালিকায় রয়েছেন সাবেক ফরাসি ফুটবলার থেকে শুরু করে রাজনীতিবিদেরা। রাজনীতিকদের মধ্যে ব্যাপক রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এ বিশেষ ক্ষেত্রে সবাইকে এক সুরেই কথা বলতে দেখা গেছে।ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসের সঙ্গে এক সাক্ষাত্কারে ফ্রান্সের রক্ষণশীল দলের সাংসদ নিকোলাস ডিউপন্ট আইগনান ক্ষোভের সঙ্গেই দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাকে পদত্যাগ দাবি করেছেন। তিনি বিশ্বকাপে ফ্রান্সের এ ব্যর্থতা মেনে নেওয়ার নয় বলে মন্তব্য করেছেন। নিকোলাস এ মুহূর্তে ব্যর্থ ফ্রান্স দলে একটি অমূল পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছেন।রক্ষণশীলদের ক্ষোভ কট্টরভাবে প্রকাশিত হওয়াটা অমূলক নয়, কিন্তু ফ্রান্সের বামপন্থী রাজনৈতিক দল ইউরোপা ইকোলজি পার্টির নেতারাও বিশ্বকাপে ফরাসি দলের চরম ব্যর্থতায় ক্ষুব্ধ। দলের অন্যতম নেতা ড্যানিয়েল কোন বেন্ডিট ইউরোপ রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে ফ্রান্স দলের দলীয় সৌহার্দ্য ও সংহতি নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘আমি জানি খেলোয়াড়েরা ফুটবলটা খেলতে পারে, কিন্তু বিশ্বকাপে যা দেখলাম তা হলো, এই ফুটবল জানা খেলোয়াড়েরাই যখন একসঙ্গে খেলছে, তারা তাদের জানা ফুটবলকে ঠিকভাবে প্রয়োগ করতে পারছে না। আমার মনে হয়েছে, খেলোয়াড়দের মধ্যে প্রয়োজনীয় সৌহার্দ্যই নেই, যা প্রয়োজন সফল হতে হলে।’ তিনি তাঁর সমালোচনার তীরে বিদ্ধ করেছেন ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখকে। তিনি সাবেক ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে উদ্ধৃত করে বলেছেন, ‘জিদান ঠিকই বলেছে। ডমেনেখ কোনো কোচ নয়, তার মধ্যে কোচের সত্যিকার কোনো গুণাবলিই নেই। সে খেলোয়াড়দের একসূত্রে গাঁথতে পারেননি।’রাজনীতিকদের মতো ফ্রান্সের ব্যর্থতায় ফুঁসছেন সাবেক ফরাসি ফুটবল তারকারাও। ’৯৮-এর বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য বেসেন্তে লিজারাজু এ ব্যর্থতার সিংহভাগ দায় চাপিয়ে দিয়েছেন কোচ রেমন্ড ডমেনেখের কাঁধে। রেডিও আরটিএলের সঙ্গে আলাপচারিতায় ডমেনেখকে ‘সিদ্ধান্তহীনতায় ভোগা’ একজন ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে লিজারাজু বলেছেন, ‘ডমেনেখের মানসিকতা অনেকটাই আবহাওয়ার মতো। সদা পরিবর্তনশীল। তিনি ফ্রান্সের জন্য কোনো একক কৌশল কখনই বেছে নিতে পারেননি। যা দলকে সব সময় ভুগিয়েছে।’ফ্রান্স দলের সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন সাবেক ফুটবল তারকা রবার্ট পিয়ার্স। তিনিও ডমেনেখের সমালোচনায় মুখর। তিনি বলেছেন, ‘ফ্রান্স দলটি ডমেনেখেরই প্রতিচ্ছবি। তিনি নিজেও একজন বাজে কোচ, দলটিও তৈরি হয়েছে বাজেভাবে।’ফ্রান্সের সংবাদপত্রগুলোও দলের বিশ্বকাপ ব্যর্থতায় ফুঁসছে। বেশির ভাগ পত্রিকারই টার্গেট কোচ রেমন্ড ডমেনেখ। ফরাসি ভাষার দৈনিক লা পারিসিয়েনে ফ্রান্স দলের পারফরম্যান্সকে ‘হূদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেছে। পত্রিকাটি লিখেছে, ‘বিশ্বকাপে ফ্রান্স দলটিকে দেখে কখনই মনে হয়নি, যে তারা মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারবে।’ লা পারিসিয়েন কোচ রেমন্ড ডমেনেখের সমালোচনা করে বলেছে, ‘ডমেনেখের মনে রাখা উচিত ছিল, বিশ্বকাপ ভুল করা ও ভুল সংশোধনের জায়গা নয়। এখানে পুরোপুরি প্রস্তুত হয়েই খেলতে আসতে হয়।’