বিশ্বকাপ ভেন্যুর এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার স্টেডিয়ামের কাজ সময়মতো শেষ হবে তো? সিলেট বিভাগীয় স্টেডিয়াম আইসিসির অনুমোদন পাবে? নতুন দুই স্টেডিয়াম নিয়ে কতই না মাথাব্যথা বিসিবি কর্তাদের! অথচ সাত বছর আগে নির্মিত ফতুল্লা স্টেডিয়ামেই যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই, সেটা নিয়ে বিসিবির ভাবার সময় নেই।

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের সমস্যার অন্ত নেই। ভিআইপি গ্যালারির দুরবস্থা দেখে নাকি পরশুই বিরক্তি প্রকাশ করে গেছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইলেকট্রনিক স্কোরবোর্ড নষ্ট। কাল সমস্যা ‘আবিষ্কৃত’ হলো প্রেসবক্সেও। শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা কাজ করে না। বাথরুমে পানি নেই, অন্য জিনিসপত্রও প্রায় ব্যবহারের অনুপযোগী। এসবকে ‘আবিষ্কার’ই বলতে হচ্ছে কারণ, প্রেসবক্সে যে এত সমস্যা, সেটা নাকি জানতেনই না বিসিবির কর্মকর্তারা! অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এলেই বিসিবির গ্রাউন্ডস কমিটির ব্যবস্থাপক সৈয়দ আবদুল বাতেন বলে থাকেন, ‘ভেন্যু সব রেডি। ফার্স্ট ক্লাস। আইসিসি খুশি। নো প্রবলেম।’

ফতুল্লা স্টেডিয়াম টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম বিকল্প ভেন্যু। সিলেট শেষ পর্যন্ত আইসিসির ছাড়পত্র না পেলে এই স্টেডিয়াম অন্যতম মূল ভেন্যুই হয়ে যেতে পারে। এ ছাড়া বিশ্বকাপের একাধিক প্রস্তুতি ম্যাচও হওয়ার কথা ফতুল্লা স্টেডিয়ামে। নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেটা এ মাঠে আয়োজনের উদ্দেশ্য ছিল বিশ্বকাপের আগে স্টেডিয়ামের সুযোগ-সুবিধার একটা পরীক্ষা নেওয়া। কোনো সন্দেহ নেই, পরীক্ষায় ফেল করেছে বিসিবি। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এ মাঠের অবকাঠামো সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৬ কোটি টাকা, আর মাঠ উন্নয়নের জন্য বরাদ্দের অঙ্কটা ৫ কোটি ২০ লাখ টাকা।

স্টেডিয়ামের তৃতীয় তলার নতুন প্রেসবক্সে ৭০ জনের মতো সাংবাদিক বসতে পারেন। দ্বিতীয় তলার প্রেসবক্সের ধারণক্ষমতা শ-খানেক হলেও বসার ব্যবস্থা আছে ৩০-৪০ জনের। দুই প্রেসবক্সেই শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা নামকা ওয়াস্তে। সেগুলোর যেটুকু কার্যক্ষমতা তাতে একাধিকবার ভেন্যু পরিদর্শন করে খুশিমনে বাংলাদেশ থেকে ফিরে যাওয়া আইসিসির জনা কয়েক কর্মকর্তার শরীর-মন জুড়িয়ে থাকতে পারে, কিন্তু প্রেসবক্সভর্তি সাংবাদিকদের জন্য তা যথেষ্ট নয়। আশ্চর্যজনক, বিসিবির কর্মকর্তারা এটা কালই প্রথম বুঝলেন!

কাজের পরিবেশ না পেয়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা কাল আন্দোলনই শুরু করেছিলেন প্রেসবক্সের বাইরে অবস্থান নিয়ে। পরে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও ট্যুর অর্গানাইজিং কমিটির প্রধান গাজী আশরাফ হোসেনের দুঃখপ্রকাশ ও আশ্বাসে প্রেসবক্সে ফেরেন তাঁরা। শুধু দুঃখপ্রকাশ ও আশ্বাসই—সমস্যার সমাধান কালই হয়নি। হয়তো ভবিষ্যতে কখনো হবে!

সকালে সমস্যা হচ্ছিল দর্শকদের ঢোকার গেটেও। দীর্ঘদিন পর ফতুল্লায় খেলা বলে সকাল থেকেই উপচে পড়া ভিড় স্টেডিয়ামের আশপাশের এলাকায়। কারও হাতে বাংলাদেশের পতাকা, কারও হাতে বাঁশি। কেউ নিজেকেই সাজিয়েছেন লাল-সবুজ রঙে। যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা তো আছেনই, খেলা দেখতে হাজির টিকিট ছাড়া দর্শকও। কিন্তু এত দর্শকের স্টেডিয়ামে ঢোকার পথ মাত্র একটি। গেট দুটি থাকলেও ১ নম্বর গেট দিয়ে ঢুকতে পারছিল শুধু ভিআইপি দর্শকেরা। বাকি দর্শকের ঢোকার পথ ২ নম্বর গেট। সকালে হাজার হাজার লোকের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন এই গেটের নিরাপত্তাকর্মীরা। পরে অবশ্য সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে ২ নম্বর গেটটিও।

সকালে সে গেট দিয়েই খেলা দেখতে সপরিবারে স্টেডিয়ামে ঢুকলেন নারায়ণগঞ্জের ইলেকট্রনিকসামগ্রীর ব্যবসায়ী ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলা সাবেক ক্রিকেটার পাপ্পু। নারায়ণগঞ্জে সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দারুণ খুশি তিনি। কিন্তু টেস্ট ভেন্যুর পরিচর্যায় বিসিবি যে রকম দুর্বল ব্যবস্থাপনার পরিচয় দিচ্ছে, পাপ্পুর মতো দর্শকেরা ভবিষ্যতে নিজেদের মাঠে পরিবার-পরিজন নিয়ে খেলা দেখার আনন্দটা পান কি না কে জানে!