বিশ্বকাপ-মন্ত্রে বিভোর রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকে বলে, ফুটবলের ঋণ শোধ করতেই হল্যান্ডের একবার অন্তত বিশ্বকাপ জেতা দরকার। কিসের ঋণ? ‘টোটাল ফুটবলের’, দৃষ্টিকাড়া ফুটবলের ঋণ। ১৯৭৪ ও ১৯৭৮; পর পর দুটি বিশ্বকাপে অন্যরকম এক ফুটবল দিয়ে দুনিয়ার মানুষের চোখ ধাঁধিয়ে দিয়েছিল হল্যান্ড। কিন্তু ভাগ্য শিরোপা হাতে নিতে দেয়নি।ওই দুটি হল্যান্ড দল নিয়ে তাই মানুষের আফসোসের সীমা-পরিসীমা নেই। আজ হল্যান্ড আবার হারলে একই রকম আফসোস হবে? নিশ্চিত করেই বলা যায়, না। সৌন্দর্য, উদ্ভাবনী ক্ষমতা, কিংবা চোখ ধাঁধিয়ে দেওয়া—এসব দিক থেকে আগের দুই ফাইনালিস্ট দলের চেয়ে এই দল অনেক পিছিয়ে।আরিয়েন রোবেনের কিছু যায়-আসে না তাতে। লোকে তাঁদের খেলা দেখে মুগ্ধ হলো কি হলো না, ভাবার সময় কোথায়? কুৎসিত খেলে শিরোপা জিততে পারলেও খুশি রোবেন, ‘সুন্দর খেলে হেরে যাওয়ার চেয়ে কুৎসিত ফুটবল খেলে জিততে রাজি আমি। আমরা এখনো সুন্দর ফুটবল খেলতে পারি। কিন্তু আমরা ভালো গোছালো ফুটবলের ওপর নির্ভর করতে চাই। দল গোছানো হলে একটা গোলই যথেষ্ট হতে পারে। শেষ পর্যন্ত এটাই সত্যি কথা।’দৃষ্টিসুখকর ফুটবল খেলার কোনো আগ্রহ রোবেনদের নেই, তা নয়। কিন্তু এই ফুটবল খেলতে গিয়ে শিরোপা খুইয়ে আসার দলে থাকাটা অপছন্দ রোবেনের, ‘ব্যাপার হচ্ছে, আমরা বিশ্বকাপ ফাইনালে চলে এসেছি। এখানে আমরা কেমন খেললাম, সেটা কোনো বিবেচ্য বিষয় হবে না। অবশ্যই ভালো ফুটবল খেলার ইচ্ছে থাকবে আমাদের। কিন্তু ফলাফলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ভালো খেলা নিয়ে অনেক কথা শুনেছি। কিন্তু ওতে শেষ পর্যন্ত তো লাভ কিছু হয়নি! আমরা কিছু একটা পেতে চাই।’ইয়োহান ক্রুইফ, ইয়োহান নেসকেনসরা রোবেনের কথা শুনলে কষ্ট পেতে পারেন। তবে কষ্টের কিছু নেই। কঠোর পরিশ্রম করে এই ফাইনাল পর্যন্ত এসেছেন রোবেনরা। এখন ‘ভালো খেলে’ সেই পরিশ্রমের ফসলটা নষ্ট করতে রাজি হওয়ার কথা নয় তাদের।রোবেনের জন্য ব্যাপারটা আরও অন্যরকম। বিশ্বকাপ মাটিই হতে বসেছিল শেষ মুহূর্তের প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে। চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন। যত দূর সম্ভব নিজেকে চিনিয়েও যাচ্ছেন। তবে রোবেন বলছেন, ‘আমি মনে করি না, নিজের সেরাটা দিতে পারছি। এখনো মাঝেমধ্যে ব্যথা টের পাই। খেলতে কোনো সমস্যা হচ্ছে না ঠিকই। কিন্তু সত্যি কথা হলো, ব্যথা আছে।’ তবে যত যাই হোক, ব্যথা নিয়েই লড়তে চান রোবেন।এতটাই যে, মজা করতেও ভুলে গেছেন। ফাইনালের আগে সতীর্থ ডির্ক কিউট তাঁর লিভারপুলের সতীর্থ স্প্যানিশ পেপে রেইনার সঙ্গে ফোনে মজা করছেন। মজা করছেন ওয়েসলি স্নাইডার ও সার্জিও রামোস। চাইলে রোবেনও মজা করতে পারেন তাঁর সাবেক ক্লাব, রিয়াল মাদ্রিদের সতীর্থ ইকার ক্যাসিয়াসের সঙ্গে। কিন্তু কোনো ইচ্ছে নেই রোবেনের।‘ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এটা প্রয়োজনীয় কিছুও না। আমার এখন বন্ধুর দরকার আছে মনে করি না। আমার দরকার শুধু বিশ্বকাপ’—বিশ্বকাপের নেশা মানুষকে কেমন একাগ্র, জেদি করে ফেলে! ওয়েবসাইট।