বিশ্বকাপ মানে তাঁদের কাছে নতুন জীবন
বেশির ভাগেরই বয়স ৬০ থেকে ৬৫ বছর। অবশ্য ৪০ বছর বয়সী যেমন আছেন, তেমনই আছেন ৮৩ বছরের বৃদ্ধাও। না, কোনো বৃদ্ধাশ্রমের গল্প বলা হচ্ছে না; বলা হচ্ছে কয়েকজন ফুটবলারের কথা! বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ আফ্রিকার পোলকওয়েনের বৃদ্ধারা গড়ে তুলেছেন বিশ্বের প্রথম বৃদ্ধাদের ফুটবল দল। যে দলের নাম ভাখেগুলা ভাখেগুলা। ফুটবলের মধ্যে তাঁরা খুঁজে পেয়েছেন নতুন জীবন।ক্লাবের সদস্যসংখ্যা ৪০ জনের মতো। সপ্তাহে দুদিন তাঁরা একসঙ্গে অনুশীলন করেন। তখন তাঁদের পরিচয় নানি কিংবা দাদি থাকে না; হয়ে যায় স্থানীয় ফুটবল তারকা। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে একটা ফুটবল ম্যাচ খেলার আশা ভাখেগুলা ভাখেগুলার। যদিও দক্ষিণ আফ্রিকার ফুটবল সংস্থা রাজি হয়নি এই প্রস্তাবে।তাতেও হতোদ্যম নন তাঁরা। বরং বিশ্বকাপের সময় আন্তর্জাতিক তারকা ফুটবলারদের কাছ থেকে দেখে শিখে নিতে চান ফুটবলের কিছু কৌশল। ‘আমরা সবাই বিশ্বকাপের জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। আমি প্রতিদিন প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের সহায় হোন। বিশ্বকাপটা হবে ফুটবল খেলোয়াড় এবং দক্ষিণ আফ্রিকান হিসেবে আমাদের জন্য দারুণ একটা সময়’—বলেছেন ৬৮ বছর বয়সী মাদজাদজি মাকোন্দো। দলের স্ট্রাইকার তিনি।দলের মিডফিল্ডার ক্রিস্টিনা মাচেদে। যদিও সবাই তাঁকে ম্যারাডোনা বলেই ডাকেন। এই ৬১ বছর বয়সী ‘ম্যারাডোনা’ জানালেন, দৈনন্দিন জীবনের দুঃখ তাঁরা ভুলে থাকেন ফুটবলে, ‘আমার জন্য ফুটবল হলো যন্ত্রণা থেকে মুক্তি। আমি হাইপারটেনশনে ভুগছি। কিন্তু যখন থেকে আমি ফুটবল খেলা শুরু করলাম, শারীরিকভাবেও সুস্থ বোধ করছি। রাতে এখন ভালো ঘুমও হয় আমার।’পোলকওয়েন থেকে ৮০ কিলোমিটার দূরে এনকোয়ানকোয়া শহরে অবস্থিত ক্লাবটি। এখানে বিশ্বকাপের একটা ম্যাচ আছে। দলের মূল উদ্যোক্তা বেকা এনটিসানউইসি জানিয়েছেন, এমন একটা দল গড়ার ভাবনা তাঁর মাথায় আসে হাসপাতালে বৃদ্ধাদের দেখার পর, ‘যখনই আমি হাসপাতালে যাই, দেখি অনেক বৃদ্ধা ডায়াবেটিস, হাইপারটেনশন, আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন। তখনই আমার মাথায় আসে, কিছু একটা করা দরকার।’এই কিছু একটা করার ভাবনা থেকেই শুরু বৃদ্ধাদের নিয়ে ক্লাব তৈরির উদ্যোগ। এরই মধ্যে আরও সাতটি নতুন ক্লাব যোগ হয়েছে তাঁদের সঙ্গে। এই আট দল নিয়ে একটা লিগও শুরু করেছেন তাঁরা। যে লিগের নাম টপ এইট।বিশ্বকাপ নিয়ে অনেকেরই অনেক রকম স্বপ্ন। কিন্তু সেসব স্বপ্ন থেকে পুরোপুরি আলাদা এই বৃদ্ধাদের চাওয়া। ৮৩ বছরের বৃদ্ধা রোনা মাখুবেলা এরই মধ্যে ছয় ছয়বার স্ট্রোক করেছেন। তবুও বলে লাথি মেরে চলেছেন। ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাকে যেন অন্তত আগামী জুন পর্যন্ত বাঁচিয়ে রাখেন’—মাখুবেলার প্রার্থনা। বিবিসি।