বিশ্বকাপ মিশনে ১২ শ্যুটারের দিল্লি যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বিশ্বকাপ শেষ হওয়ার আগেই আরেক বিশ্বকাপ! ঢাকায় রোলবল বিশ্বকাপের ফাইনাল আজ। দিল্লিতে আগামীকাল শুরু বিশ্বকাপ শ্যুটিংয়ে খেলতে আজই বাংলাদেশ দল ঢাকা ছাড়ছে।
দুটি বিশ্বকাপের মধ্যে অবশ্য পার্থক্য অনেক। রোলবল বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দল সেমিফাইনালে উঠেছে, কিন্তু শ্যুটিং বিশ্বকাপে ওপরের দিকে থাকার বাস্তব সম্ভাবনা খুবই কম। বরং বাছাইপর্ব পেরিয়ে ফাইনালে উঠতে পারলে সেটিই হবে বড় প্রাপ্তি।
শ্যুটিংয়ে এমন বিশ্বকাপ অবশ্য বছরে চার-পাঁচটিও হয়। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এসব বিশ্বকাপে খেলেন শ্যুটাররা। দিল্লির এই বিশ্বকাপে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১২ জন শ্যুটার। শ্যুটিং বিশ্বকাপের ইতিহাসে যা সবচেয়ে বেশি। তিন-চারজন বাদে বাকিদের এটিই প্রথম বিশ্বকাপ। সেদিক থেকে এই বিশ্বকাপ নবীন শ্যুটারদের শেখার মিশনও। যেখানে আছেন রাইফেলে মুন্না, রিসালাত, দিশা, জুঁইসহ আরও কয়েকজন নবীন। মেয়েদের দলে অভিজ্ঞ বলতে শুধু সুরাইয়া আক্তার।
এয়ার রাইফেলে আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরীরা আগে বিশ্বকাপ খেললেও এসএ গেমসে সোনাজয়ী শাকিল আহমেদ এবারই প্রথম যাচ্ছেন বিশ্বকাপে। তিনি তাই রোমাঞ্চিতও, ‘বিশ্বকাপ খেলার আনন্দই আলাদা। এবারই প্রথম বিশ্বকাপ খেলব, বলতে পারেন আমার তর সইছে না।’
শ্যুটারদের প্রায় সবাই বলছেন, নিজেদের সেরা স্কোরটা করতে পারলে তাঁরা খুশি থাকবেন। সেরা আটে যাওয়ার চ্যালেঞ্জটাও নিচ্ছেন। তবে শাকিলকে মনে হলো একটু বেশিই আশাবাদী। তঁার কথা, ‘এখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে।’ কিন্তু বিশ্বমানের সব শুটারের সঙ্গে লড়াই করে সেটা কীভাবে সম্ভব?
শাকিল তাঁর স্কোরটাকেই আশার ভিত্তি হিসেবে দেখছেন। এসএ গেমসে সোনা জিতেছিলেন ৫০ মিটার পিস্তলে, সেটিতে তাঁর স্কোর এখন ফাইনালে ওঠার ন্যূনতম স্কোরের চেয়ে নাকি ১০ বেশি। তাই বলছেন, ‘আমার স্কোরটা ভালোই হচ্ছে। অবশ্যই চাইব ফাইনালে উঠতে।’ ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাকিও, ‘আমার লক্ষ্য ফাইনালে জায়গা করে নেওয়া। আর ফাইনালে উঠতে পারলে যেকোনো কিছুই হতে পারে।’