বিশ্বকাপ যখন মুক্তির জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল তাদের কাছে আরাধনা। ফুটবল তাদের কাছে জীবন-স্বপ্ন-মৃত্যু-হতাশার এক বৃত্ত। সেই অর্থে বিশ্বকাপ তাদের কাছে তীর্থস্থানও।২০১৪ বিশ্বকাপ সেই ফুটবল-পূজারির দেশ ব্রাজিলেই। সেই ১৯৫০ সালের পর এই প্রথম সাম্বার দেশ বিশ্বকাপ আয়োজক। পুরো দেশ সেই মহাযজ্ঞে শামিল। বিশ্বকাপ তাদের জন্য নতুন উৎসবের উপলক্ষ নিয়ে আসবে। বিশ্বকাপ কারও কারও জন্য নিয়ে এসেছে মুক্তি আস্বাদনের আশ্বাসও!বিশ্বকাপের ১২ ভেন্যুর সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকদের পাঁচ শতাংশ বিভিন্ন কারণে বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া কয়েদি। ব্রাজিল সরকারের একটি কর্মসূচির অধীনে পুরো দেশ থেকে এই বন্দী শ্রমিকদের অনেক যাচাই-বাছাই শেষে নির্বাচন করা হয়েছে। বাছাই-প্রক্রিয়ায় কাজ করেছেন সমাজকর্মী, আইনবিদ ও মনোবিদেরা। তিন দিন কাজ করলে শাস্তির মেয়াদ কমিয়ে দেওয়া হবে এক দিন। ফলে এক বছর কাজ করলে শাস্তির মেয়াদ কমে যাবে ১২২ দিন।তাই উৎসাহ-উদ্যম নিয়ে কাজ করছেন এই শ্রমিকেরা। অবশ্য শুধু সাজার মেয়াদই কমানো নয়, ন্যূনতম একটা পারিশ্রমিকও পান তাঁরা। সেটা মাসে কমবেশি ২৫০ ইউরোর মতো (২৬ হাজার টাকা)। পরিবারের কাছে মাস শেষে তাই টাকাও পাঠানো যাচ্ছে। বেলো হরাইজন্তের নির্মাণাধীন স্টেডিয়ামটিতে যেমন দেড় হাজার সাধারণ শ্রমিকের পাশাপাশি কাজ করছেন ১৬ জন বন্দী। এঁদের একজন থিয়াগো ফেরেইরা।মাদক পাচারের দায়ে সাজা ভোগ করতে থাকা এই ২৬ বছর বয়সী তরুণ যেন পেয়ে গেছেন নতুন জীবনের সন্ধান, ‘আমার জীবনের গতিপথই পাল্টে গেছে।’ তাঁর দায়িত্ব হলো যন্ত্রপাতি পাহারা দেওয়া। নতুন এই কাজটা ফেরেইরার চোখে, তাঁর জীবনকে গুছিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ, ‘আমরা যারা আধো-খোলা কারাগার যুগের বন্দী, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। কারণ অপরাধময় অন্ধকার জীবনের সম্ভাব্য পরিণতি দুটো: হুইলচেয়ার নয়তো মাটির ছয় ফুট নিচে স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়া।’এক মাস বয়সী একটা ফুটফুটে সন্তানের পিতার মুখে এখন একটা প্রতিজ্ঞাও শোনা গেল, ‘আমি আমার জীবনে যে বিভীষিকার মধ্যে দিয়ে গিয়েছি, সেটা অবশ্যই আমার সন্তানকে দেখাব। যেন সেও সেই একই ভুল না করে। তাকে সেসব জিনিসই এনে দেব, যেগুলো আমি আমার জীবনে পাইনি।স্টেডিয়ামের পাশাপাশি নতুন করে নিজের জীবনটাকেও গড়ে নেওয়ার কাজটা সহজ নয় অবশ্যই। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ হবে ২০১৩ সালে। সেই টুর্নামেন্টের অন্যতম ভেন্যু বেলে হরাইজন্তের এই ৬৭ হাজার ধারণক্ষমতার মাইনেইরো স্টেডিয়াম। দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। প্রতিদিন ভোর চারটায় উঠে পড়েন ফেরেইরা আর তাঁর সঙ্গীরা। মাঝখানে বিরতি পান। বিশ্রাম শেষে আবার কাজ। ভালো কাজের বাড়তি পুরস্কারও আছে। মাসের সেরা কর্মীও নির্বাচন করা হয়।এ মাসের সেরা কর্মীদের একজন ফ্রান্সিসকো ডাস চাগাস কুইরোজ। ব্যাংক লুটের অপরাধে ১৭ বছর জেল খাটা এই ৫২ বছর বয়সী এমন পুরস্কার পেয়ে খুবই আনন্দিত, ‘আমি এখানে কিছু করে দেখাতেই এসেছি। ঈশ্বরের কৃপায় আমি সফল হয়েছি, আমার কাজ ওদের পছন্দও হয়েছে। ১২ দিন পর পদোন্নতিও পেয়েছি। এখন আমি সমন্বয়ের কাজে সহযোগিতা করি। (বিশ্বকাপের স্টেডিয়ামের) নির্মাণকাজে সহযোগিতা করতে পারাটাই তো একটা সম্মানের ব্যাপার। অনেকের মধ্যে আলাদা করে পুরস্কৃত করাটাও আপনার কাছে ভালো অনুভূতি এনে দেবে।’নিজের অতীত নিয়ে এখন আর অনুশোচনায় ভোগেন না কুইরোজ। ১৯৭৭-৭৮ সালের দিকে তখনকার মার্ক্সবাদী গেরিলা, এখনকার ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গেও পরিচয় ছিল জানিয়ে বলেছেন, ‘তিনি ছিলেন দুর্দান্ত। অন্যের জন্য তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন।’ এএফপি।