বিশ্বকাপ শিরোপা উপমহাদেশেই থাকবে: টেন্ডুলকার

ক্রিকেট বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ২০১৫ সালের আসরে কোন দল জিতবে? এ প্রশ্নের সমাধান মিলবে যথাসময়ে। তবে শচীন টেন্ডুলকারের বিশ্বাস, আগামী বিশ্বকাপের শিরোপার দৌড়ে ভারতই ফেবারিট। আর ভারত শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলে জিতবে উপমহাদেশেরই কোনো দল।
লিটল মাস্টারের ভাষ্য, ‘ভারতের পাশাপাশি পাকিস্তান ও শ্রীলঙ্কা ভালো দল। ভারত শিরোপা ধরে রাখবে, এটাই আমি চাই। সেটা দারুণ হবে। গোটা জাতি আবারও আনন্দে ভাসবে। আমার বিশ্বাস, বিশ্বকাপ শিরোপা উপমহাদেশেই থাকবে।’ গত ডিসেম্বরে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান টেন্ডুলকার। টেস্টে খেলে যাচ্ছেন এখনো। প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ব্যাটিং কিংবদন্তি। তিনি ছাড়া এ কৃতিত্ব আছে কেবল পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিকের একটা আক্ষেপ অবশ্য ছিল—বিশ্বকাপ শিরোপা না জেতার আক্ষেপ। সেই আক্ষেপ ঘুচে দুই বছর আগে, দেশের মাটিতেই।
এখন পর্যন্ত পর পর দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আছে কেবল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। তৃতীয় দল হিসেবে সেই কৃতিত্বে ভাগ বসানোর প্রতীক্ষায় ভারত। ভারতীয়দের প্রস্তুতিও এগিয়ে চলেছে প্রত্যাশামতোই। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দল ভারত। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে শিরোপা ধরে রাখার প্রত্যাশা করতেই পারে ভারত।
২০১৫ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে ভারতীয় দল। ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অভিযান। গ্রুপ পর্বে ভারতের অপর প্রতিপক্ষ হলো দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং কোয়ালিফায়ার ফোর (এখনও নির্ধারিত হয়নি)। সূত্র: এনডিটিভি।