বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ শেষ হয়ে গেছে ফ্যাবিয়ান অ্যালেনেরছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে শুরুর আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনের। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। আইসিসির টেকনিক্যাল কমিটিও ওয়েস্ট ইন্ডিজ দলের এ পরিবর্তন অনুমোদন করেছে।

করোনাভাইরাসের কারণে প্রতিটি দলের সঙ্গেই আছেন রিজার্ভ খেলোয়াড়। আকিল ১৫ সদসের মূল দলে না থাকলেও রিজার্ভ হিসেবে ছিলেন। সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার হিসেবে সংযুক্ত আরব আমিরাতেই ছিলেন তিনি। এখন রিজার্ভ হিসেবে তাঁর জায়গা নেবেন অভিষেকের অপেক্ষায় থাকা আরেক বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে মোটিকে ছয় দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের মূল দলে ডাকা হয়েছে আকিল হোসেইনকে
ছবি: টুইটার

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে থাকা অ্যালেন চোট পেয়েছেন অ্যাঙ্কেলে। এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ সংস্করণে তাঁর বোলিং গড় ২৭.০৫, ইকোনমি রেট ৭.২১। সঙ্গে ১৭.৮৫ গড় ও ১৩৮.৮৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।
বিশ্বকাপ খেলতে না পেরে তিনি হতাশ বলেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার, ‘তার অলরাউন্ড সামর্থ্য দল মিস করবে। আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে হবে। ভবিষ্যতে তাকে দলে ভেড়ানোর অপেক্ষায় আছি আমরা।’

২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
ফাইল ছবি: এএফপি

অন্যদিকে আকিল এখন পর্যন্ত খেলেছেন ছয়টি টি-টোয়েন্টি ও নয়টি ওয়ানডে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন তিনি। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ১৩ উইকেট আছে তাঁর।

২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানরা আজই মুখোমুখি হবে আফগানিস্তানের।