বিশ্বকাপ শেষ কোয়েন্ত্রাওয়ের

ব্রাজিলে খুব বাজে সময় কাটছে পর্তুগাল দলের। প্রথম ম্যাচে জার্মানির কাছে চার গোলের হার, মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছিল পেপের সেধে নেওয়া লাল কার্ড। এবার খবর এল, বিশ্বকাপই শেষ হয়ে গেছে রক্ষণসেনা ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের।
জার্মানির বিপক্ষে ম্যাচেই ঊরুর মাংসপেশির চোট মাঠের বাইরে ঠেলে দিয়েছিল তাঁকে। স্ট্রেচারে করে তাঁকে বাইরে নিয়ে যাওয়ার সময়ই প্রমাদ গুনছিলেন দর্শকেরা। তাঁদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। পর্তুগালের বিশ্বকাপ মিশনকে খাদের কিনারায় ঠেলে দিয়ে দেশেই ফিরে যাচ্ছেন তিনি।
কোয়েন্ত্রাও ছাড়াও পর্তুগালের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়ার আশঙ্কায় আছেন রুই প্যাত্রিকো এবং হুগো আলমেইদা। কোয়েন্ত্রাওয়ের সঙ্গে এই দুই ফুটবলারেরও এমআরআই করা হয়। তবে তাঁদের চোট কোয়েন্ত্রাওয়ের মতো না হলেও তাঁরা যে শতভাগ ফিট নন—এ কথা বলাই যায়।
এমন অবস্থায় পর্তুগালের জন্য কেবল প্রার্থনাই করা যায়!