বিশ্বকাপ শেষ জিম্বাবুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপটা শুরুই হলো না এখনো। আর এরই মধ্যে শেষ জিম্বাবুয়ের বিশ্বকাপ অভিযান। কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেই বিদায় নিল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮২ রানে হারা ব্রেন্ডন টেলরের দল কাল ৮ উইকেট হারিয়ে করেছিল মাত্র ৯৩। ১২.৪ ওভারেই এই রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা। রিচার্ড লেভি ৫০ ও হাশিম আমলা ৩২ রানে অপরাজিত ছিলেন।কাল হাম্বানটোটায় টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্সের পরিকল্পনা বাস্তবায়ন করতে মোটেও সময় নেননি প্রোটিয়া ফাস্ট বোলাররা। সকালবেলা ফিটনেস উতরে দলে ঢোকা মরনে মরকেলই প্রথম আঘাত হানেন। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শূন্য রানে বোল্ড ভুসি সিবান্দা। ৯ বল পরই জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে উইকেটকিপার ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ বানান ছোট মরকেল। জিম্বাবুয়ের রান তখন মাত্র ৬। ১০ রান পর নেই মাসাকাদজাও। এবারের ঘাতক বড় মরকেল, আলবি। জিম্বাবুয়ের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা হলো এর পরই। চতুর্থ উইকেটে ৩৫ রান যোগ করেন ক্রেগ আরভিন ও স্টুয়ার্ট মাতসিকেনেরি।জুটিটা ভাঙেন জ্যাক ক্যালিস। রবিন পিটারসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাতসিকেনেরি। পরের বলেই এলবিডব্লু চিগুম্বুরা। ক্যালিসের হ্যাটট্রিক ঠেকান গ্রায়েম ক্রেমার। হ্যাটট্রিক না পেলেও ১৫ রানে ৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিংটা এ ম্যাচেই করেছেন ক্যালিস, হয়েছেন ম্যাচসেরা। কাল উইকেটের পেছনে চারটি ক্যাচ নিয়ে এবি ডি ভিলিয়ার্স টি-টোয়েন্টির উইকেটকিপিংয়ে ছুঁয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাট প্রায়র ও মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে: ২০ ওভারে ৯৩/৮ (মাসাকাদজা ৬, সিবান্দা ০, টেলর ৪, আরভিন ৩৭, মাতসিকেনেরি ১১, চিগুম্বুরা ০, ক্রেমার ৬, উতসেয়া ৫, প্রাইস ৭*, জারভিস ৯*; স্টেইন ১/৯, মরনে মরকেল ২/১৬, আলবি মরকেল ১/২৬, বোথা ০/১৬, পিটারসন ০/৮, ক্যালিস ৪/১৫)। দক্ষিণ আফ্রিকা: ১২.৪ ওভারে ৯৪/০ (লেভি ৫০*, আমলা ৩২*; জারভিস ০/২০, ভিটরি ০/২১, প্রাইস ০/১৯, উতসেয়া ০/১৩, ক্রেমার ০/১০, মাতসিকেনেরি ০/৩)। ফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জ্যাক ক্যালিস।