বিশ্বকাপ শেষ পর্যন্ত উপমহাদেশেরই লড়াই
উপমহাদেশের তিন দল কিন্তু শেষ পর্যন্ত একে অন্যের মুখোমুখি হওয়াটা এড়াতে পারল না। শেষ পর্যন্ত মুখোমুখি হলোই। তারা একে অন্যকে এত ভালোভাবে চেনে, এখানে প্রতিপক্ষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই।হ্যাঁ, স্পিন এই লড়াইয়ে এখনো প্রধান অস্ত্র। কিন্তু এই তিনটি দলই স্পিন খেলে অভ্যস্ত বলে আফ্রিদি, হরভজন কিংবা মুরালিরা আতঙ্ক ছড়াতে পারবে না। উমর গুল, জহির খান, লাসিথ মালিঙ্গারা সেটি পারে, কিন্তু এদেরও নিরস্ত্র করে রাখা সম্ভব। এপ্রিল চলে এসেছে। এই সময় এরই মধ্যে খেলে ফেলা উইকেটগুলো থেকে পেসাররা খুব বেশি কিছু আদায় করে নিতে পারবে না।তিন দলের কথাই বলছি, তাই বলে কিন্তু নিউজিল্যান্ডকে লড়াইয়ের খাতা থেকে বাদ দিইনি। বরং এটা বলাই ঠিক হবে, এখন ওরাই ক্রিকেট-বিশ্বের কাছ থেকে সবচেয়ে বেশি সমীহ পাচ্ছে। যদিও ওদের স্পিনারদের দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বিপক্ষে লেলিয়ে দেওয়া আর জয়াবর্ধনে-দিলশানদের বিপক্ষে লেলিয়ে দেওয়ার মধ্যে অনেক পার্থক্য। এটাকে তুলনা করতে পারেন একই ওষুধ দিয়ে জন্ডিস আর টাইফয়েডের চিকিৎসা করার সঙ্গে!আমার অনুমান যদি সঠিক হয়, দুটো সেমিফাইনালেই আমরা আক্রমণাত্মক মেজাজের ম্যাচ দেখব। নিউজিল্যান্ডের ভাবনায় থাকবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসার উদ্দীপনা। প্রোটিয়ারা আসলে ভাবতেই পারেনি, নিউজিল্যান্ড এদিন এতটা শরীরনির্ভর খেলবে। কে-ই বা ভাবতে পেরেছিল, মাঠে একজন নিউজিল্যান্ডার প্রতিপক্ষকে ‘ধাক্কা’ দিচ্ছে!ওই ম্যাচটায় আক্ষরিক অর্থেই নিউজিল্যান্ডের সব খেলোয়াড়ই ৩০ গজি বৃত্তের মধ্যে ছিল। লাফিয়ে পড়ে প্রতিটা বল ঠেকিয়ে দিচ্ছিল ওরা, উড়ে গিয়ে নিচ্ছিল ক্যাচ। ব্যাটসম্যান নিরাপদ সীমার মধ্যে থাকলেও জোরালো সব থ্রো উড়ে আসছিল কিপারের কাছে। সব মিলে প্রোটিয়াদের জীবন তারা অস্থির করে তুলেছিল। সেই সন্ধ্যায় আসলে যতটা না খেলোয়াড়ি নৈপুণ্য, তার চেয়েও বেশি জয়ী হয়েছে মানসিক লড়াই।ধোনি নিজেও কিন্তু আক্রমণাত্মক মেজাজের পিঠে সওয়ার হয়ে জিতেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডারদের কাছাকাছি রেখে ও সিঙ্গেলসের পথ বন্ধ করে দিয়েছিল। এর ফলে ভারতীয় বোলাররা যতটা না ভালো করেছে, তার চেয়েও বেশি ভালো দেখাচ্ছিল। অস্ট্রেলিয়াকেও মনে হচ্ছিল বেড়ায় বন্দী।পাকিস্তানের চেয়ে ভারত বিশেষ একটা ক্ষেত্রে এগিয়ে আছে। বিশ্বকাপের সম্ভবত সবচেয়ে সেরা বোলিং লাইনআপের বিপক্ষে সবচেয়ে ভালো ব্যাটিংটা ভারতই করবে। ভারতের বোলিং লাইনআপটাও সেরা, যেটি ধীরে ধীরে নিজের সেরার দিকে এগিয়ে যাচ্ছে।গুল আর আফ্রিদিকে তার পরও আমি সাবধানের সঙ্গে খেলার পরামর্শ দেব। টেন্ডুলকার, শেবাগ, গম্ভীর—এই প্রথম তিন ব্যাটসম্যানের একজনের পুরো ৫০ ওভার ব্যাটিং করা জরুরি। বাকিদের তুলনায় এদের পক্ষেই পাকিস্তানের বোলিংয়ে চড়াও হওয়া বেশি সম্ভব। এরপর যুবরাজ, কোহলি, ধোনি, রায়নারা তো থাকলই তাদের ক্যামিও ইনিংসগুলো খেলার জন্য।আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে। এপ্রিলের শুরুর দিকেও কিন্তু ভারতের উত্তরাঞ্চল সন্ধ্যার সময় ঠান্ডাই থাকে। রাতে ফ্লাডলাইটে খেলার সময় শিশির পড়ার কিছুটা ইঙ্গিত আছে। প্রথমে ব্যাটিং নেওয়া হবে নাকি পরে—এই সিদ্ধান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দুই অধিনায়কই কেবল একটি পরাজয়ই হাসিমুখে মেনে নেবে—টস!