আয়োজক দেশে পা রাখার এক দিনের মধ্যেই শেষ হয়ে গেল রিও ফার্ডিনান্ডের বিশ্বকাপ-স্বপ্ন। পরশু দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর কাল ছিল ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় অনুশীলন। দিনের অনুশীলন শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট বাকি, এমন সময়ই হাঁটুতে চোট পান ইংলিশ-অধিনায়ক। পরে স্থানীয় হাসপাতালের স্ক্যান রিপোর্ট জানায়, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে। ফার্ডিনান্ডের ইনজুরিতে কপাল খুলে গেছে মাইকেল ডসনের, শিগগিরই দলের সঙ্গে যোগ দিচ্ছেন টটেনহাম হটস্পারের ডিফেন্ডার। আর অধিনায়কের আর্মব্যান্ড পাচ্ছেন স্টিভেন জেরার্ড।ওদিকে একই দিন গুরুতর চোট পেয়েছেন দিদিয়ের দ্রগবা। কাল জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে আঘাত পান আইভরিকোস্ট-অধিনায়ক। খেলার ১৮ মিনিটে জাপানের ডিফেন্ডার তুলিও তানাকার সঙ্গে ধাক্কা লাগে দ্রগবার। স্ক্যান করার পর দেখা যায়, ডান হাতের হাড়ে চিড় ধরেছে। বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে তাঁরও। খোদ কোচ সভেন গোরান এরিকসন ও দ্রগবা নিজে সেই আশঙ্কাই করছেন। তবে আইভরিকোস্ট ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত দ্রগবাকে ২৩ জনের দলেই রাখা হবে। এএফপি, ওয়েবসাইট।এখানেই শেষ নয়, কাফ মাসলের ইনজুরিতে বিশ্বকাপে প্রথম ম্যাচটা খেলতে পারবেন না ইতালির আন্দ্রেয়া পিরলো। ব্রাজিলের অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন লেফট ব্যাক বাস্তোস। ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের হুলিও সিজার, ঘানার সুলে মুনতারি এবং আর্জেন্টিনার ডিয়েগো মিলিতো। তবে এই তিনজনের কারও চোটই গুরুতর কিছু নয় বলে আশ্বস্ত করা হয়েছে দলগুলোর পক্ষ থেকে।