
পিঠের চোটটা বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছিল। এ নিয়েই দলের সঙ্গে অনুশীলন করছিলেন ফ্রাঙ্ক রিবেরি। কিন্তু কাল জানা গেল, চোটটা এতই বেড়ে গেছে, আর খেলার মতো অবস্থায় নেই ফ্রান্স মিডফিল্ডার। কাল ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৩১ বছর বয়সী মিডফিল্ডারকে। লা ব্লুদের বিশ্বকাপস্বপ্নও তাই বড় একটা ধাক্কা খেল।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম কাল প্যারিসের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন খবরটি। ‘আজ সকালে অনুশীলন শুরু করার আগে ওকে থেমে যেতে হয়, ব্যথাটা অসহনীয় ছিল। বিকেলে আমরা বেশ কয়েকটি পরীক্ষা করেছি। নিশ্চিত হয়েছি, ওর অবস্থা আরও খারাপ হয়েছে। মাঠে নামা দূরে থাক, কয়েক সপ্তাহ অনুশীলনও করতে পারবে না। আমাদের জন্য এটা খুব দুঃখের দিন। তবে এটা মেনে নিয়েই এখন প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে’— জানিয়েছেন দেশম। রিবেরির জায়গায় দলে ডাক পেয়েছেন মপেঁলিয়ে মিডফিল্ডার রেমি ক্যাবেলা।
পুরোনো চোটটা নিয়ে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে মাঠে নেমেছিলেন রিবেরি। তবে সেটি বদলি হিসেবে, তা-ও বেশিক্ষণ খেলতে পারেননি। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারবেন কি না, তখনই জেগেছিল সংশয়।
তবে রিবেরি বরাবরই বলে আসছিলেন, সময়মতোই সেরে উঠবেন। ফ্রান্সও আশাবাদী ছিল, দেশম ২৩ জনের দলেও তাঁকে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে ফেলতে হলো দলের সবচেয়ে বড় নির্ভরতাকেই।
বায়ার্নের হয়ে কয়েক মৌসুম ধরেই আলো ছড়িয়েছেন। এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসি, রোনালদোর পরেই ছিলেন রিবেরি। এ মৌসুমে একমাত্র ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে কোনো শীর্ষ ইউরোপিয়ান লিগে অন্তত ১০টি গোল করেছেন এবং করিয়েছেন।
রিবেরির মতো একজন খেলোয়াড়ের শূন্যতাপূরণ কঠিন। তবে কাজটা তো করতেই হবে দেশমকে। কে হবেন সেই সৌভাগ্যবান? ধারণা করা হচ্ছে, রিয়াল সোসিয়েদাদের আন্তোইন গ্রিজমান বা নিউক্যাসলের লইক রেমি জায়গা নেবেন তাঁর। দেশমও সে রকম আভাস দিলেন, ‘আমরা এটা নিয়ে ভাবব। গ্রিজমান (আন্তোইন) ও রেমি (লইক) প্রস্তুতি ম্যাচে ভালোই করেছে।’
রিবেরির সঙ্গেই আরেকটি ছোট্ট ধাক্কা ২৩ জনের দল থেকে ক্লেমেন্ত গ্রেনিয়ের ছিটকে পড়া। দলে ঢুকেছেন সাউদাম্পটন মিডফিল্ডার মরগান স্নেইডারলিন। রয়টার্স, ওয়েবসাইট।