বিশ্বকাপ শেষে এবার আইপিএল
বিশ্বকাপ উত্তেজনার রেশ এখনো বাতাসে মিলিয়ে যায়নি। কিন্তু এরই মধ্যে বেজে উঠেছে বিশ্বের সবচেয়ে বৃহত্ অর্থকরী ক্রিকেট ইভেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগমন ধ্বনি।ভারতের বিশ্বকাপ জয় এবার আইপিএলে নতুন প্রাণের সঞ্চার করবে বলেই মনে করছেন আয়োজকেরা। অর্থপাচার, বিভিন্ন করপোরেট দুর্নীতি এমনকি আন্ডার ওয়ার্ল্ডের স্পর্শ এ আকর্ষণীয় টি-টোয়েন্টি আসরকে গতবার অনেকটাই ম্রিয়মাণ ও বিতর্কিত করে তুলেছিল।আইপিএলের স্বপ্নদ্রষ্টা বিতর্কিত সংগঠক লোলিত মোদিকে ছাড়াই এবার মাঠে গড়াবে ভারতের এ ঘরোয়া টি-টোয়েন্টি আসর। গত বছর নানা অভিযোগে ভারত সরকার লোলিত মোদিকে আইপিএল থেকে বের করে দিয়েছিল।গত বছর আইপিএল বিভিন্ন দুর্নীতির চারণভূমিতে পরিণত হয়েছিল। অর্থপাচার, কর ফাঁকি ও বেনামে আন্ডারওয়ার্ল্ড ও অপরাধ জগতের বিভিন্ন হোতাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজগুলোর মালিক বানানোরও অভিযোগ উঠেছিল এ প্রতিযোগিতার সংগঠকদের বিপক্ষে। এসব অভিযোগে লোলিত মোদি ছাড়াও মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরকে।তবে সব অভিযোগ ও বিতর্ককে পাশ কাটিয়ে এবার নতুন চেহারার আইপিএল সফল এক আয়োজনে পরিণত হবে—এ আশা সংগঠকদের। ভারতের বিশ্বকাপ জয় এবারের আইপিএল বাণিজ্যের পালে নতুন করে হাওয়া লাগাবে বলেই মনে করছেন তাঁরা।আইপিএলের প্রধান নির্বাহী সুন্দর রমন বলেছেন, বিশ্বকাপ ক্রিকেট যেখানে শেষ হয়েছে আইপিএলের উন্মাদনা ঠিক সেখান থেকেই শুরু হবে। ভারতের বিশ্বকাপ জয় আইপিএল উন্মাদনায় কোনো প্রভাব সৃষ্টি করবে না বলেই আশা রমনের।ক্রিকেট বাণিজ্যের এক নতুন দিক দর্শন এই আইপিএল। বিশ্বের তাবত্ ক্রিকেট তারকাদের এ মুহূর্তের আগ্রহ স্থলও তা-ই। এ প্রতিযোগিতা ক্রিকেট তারকাদের দিয়েছে অর্থনৈতিক নিশ্চয়তা। সে কারণে, শীর্ষ তারকাদের গন্তব্য স্থল এখন ভারতের এ ঘরোয়া টি-টোয়েন্টি আসর। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এবারের আইপিএলে বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটিতে বিকিয়েছেন কলকাতার ফ্র্যাঞ্চাইজ নাইট রাইডার্সের কাছে। তাই আইপিএলের আসরে বাংলাদেশের মানুষের আগ্রহটা থাকবে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতার এই ফ্র্যাঞ্চাইজটির দিকেই। হয়তো থাকবে সমর্থনও। এবারের আইপিএলে আগের আটটি ফ্র্যাঞ্চাইজের সঙ্গে যুক্ত হয়েছে নতুন দুটি দল। এরা হলো কোচি তস্কর কেরালা ও পুনে ওয়ারিয়র্স।৮ এপ্রিলের উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের লড়াই দিয়ে মাঠে গড়াবে আইপিএলের চতুর্থ আসর। ওয়েবসাইট।