বিশ্বকাপ শেষেই অবসর ভিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে ৩২। ডেভিড ভিয়ার যে এটাই শেষ বিশ্বকাপ, সেটা সংশয়ের অতীত। তবে শেষ বিশ্বকাপ তো বটেই, স্পেন স্ট্রাইকার এবারই শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন। কাল নিজেই জানিয়ে দিয়েছেন, এই বিশ্বকাপের পরেই অবসর নেবেন জাতীয় দল থেকে।
‘অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ। কোনো সন্দেহ নেই জাতীয় দলের হয়েও শেষবারের মতো মাঠে নামব। আমার মনে হয় আমার বয়স, আমার সামর্থ্য, সবকিছু মিলে এটাই সময়’—কাল স্প্যানিশ টিভি চ্যানেল কুয়াত্রোকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ভিয়া। কদিন আগেই লা লিগা জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছেন মেজর সকার লিগের দল নিউইয়র্ক এফসিতে। এখন পুরো মনোযোগ বিশ্বকাপেই, ‘আমি অবশ্য বিশ্বকাপের আগে অবসর নিয়ে কথা বলতে চাই না। আমি চাই বিশ্বকাপের প্রথম দিন থেকেই এটা উপভোগ করতে, দারুণ একটা বিশ্বকাপ কাটাতে।’ এএফপি।