বিশ্বকাপ শেষের ঝুঁকিতে এলানো
এলানো বলেছিলেন, দুই মেয়েই নাকি তাঁকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বাঁচাতে পারল কই? পর্তুগাল ম্যাচের পর দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে ম্যাচটিও চোটের কারণে মিস করেছেন এলানো। সর্বশেষ খবর—আগামী কাল হল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার। শঙ্কা আছে বিশ্বকাপ মিস করারও ।হল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল দলের ডাক্তার হোসে লুইস রুনকো কথা বলেছেন এলানোর চোট নিয়ে। ‘তার নিবিড় চিকিৎসা চলছে। সেরে উঠতে হয়তো কয়েক সপ্তাহ লাগবে। এমনকি এক মাসও লাগতে পারে। ধরাবাঁধা কোনো সময় দেওয়া যাচ্ছে না’—বলেছেন রুনকো।আইভরিকোস্টের বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলে জেতা ম্যাচেই ইনজুরিতে পড়েছেন এলানো। ইসমাইল তিওতে এলানোকে থামাতে গিয়ে আঘাত করেছিলেন তাঁর পায়ে। ভাগ্যিস, শিন গার্ড ছিল! আর নইলে অমন ট্যাকলে পা-ই ভেঙে যাওয়ার কথা এলানোর। পা না ভাঙলেও তিওতের ওই ট্যাকলের পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে ম্যাচ শেষে বলেছিলেন, ‘আমাকে আসলে বাঁচিয়ে দিয়েছে আমার দুই মেয়ে মারিয়া চেরেসা আর মারিয়া ক্লারা।’এলানোর দুই পায়ের দুই শিন প্যাডে লেখা ছিল চেরেসা আর ক্লারার নাম। ওই নাম দুটিই তাঁকে বড় কোনো চোট থেকে বাঁচিয়েছে বলে বিশ্বাস ছিল এলানোর। কিন্তু তিনি কি আর জানতেন, বড় কিছু ঘটার শঙ্কা কাটেনি তখনো! জানতেন না ব্রাজিল দলের চিকিৎসকও। চিকিৎসক তখন বলেছিলেন, ‘এলানোর চোট গুরুতর নয়। ইচ্ছে করলে সে পর্তুগালের বিপক্ষেই খেলতে পারে।’তবে প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ কার্লোস দুঙ্গা এলানোকে নিয়ে ঝুঁকি নিতে চাননি। কিন্তু এলানোর ইনজুরি নিয়ে কাজ করতে গিয়ে চিকিৎসক আবিষ্কার করেন, চোটটিকে যত হালকাভাবে নিয়েছিলেন তাঁরা, ব্যাপারটা এর চেয়ে একটু বেশিই গুরুতর। বল নিয়ে ঠিকভাবে মুভ করতে পারেন না। সোজা দৌড়াতে পারেন, কিন্তু কোনো দিকে ঘুরতে গেলে বা পায়ের ওপর ভর দিতে গেলেই বিপত্তি; ব্যথা অনুভব করেন পায়ে।দুই ম্যাচে দুই গোল করে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিলেন এলানো। এমন শুরুর পর চোটের কারণে মাঠের বাইরে বসে থাকতে কার-ই বা ভালো লাগে! এলানোও হতাশ। ‘অবশ্যই খারাপ লাগছে, তবে আশা করছি খেলতে পারব। তবে আপাতত ধৈর্য ধরা ছাড়া উপায় নেই’—সংবাদ সম্মেলনে বললেন এলানো।ইনজুরি নিয়ে খুব বেশি কিছু না বললেও এলানো মুখ খুলেছেন এই বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় রেফারিং নিয়ে, ‘আমি অভিযোগ করতে পছন্দ করি না। তবে এই ধরনের ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা উচিত। অনেকেই বল নিয়ে কথা বলছে। অনেকেই গোল হলো কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ভিডিও ব্যবহারের কথা তুলেছে। কিন্তু আমি আলোচনায় আনতে চাই, রেফারিংয়ের মানের ব্যাপারটা।’ এএফপি, ওয়েবসাইট।