বিশ্বকাপ সরিয়ে নিতে দেবে না কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথার পিঠে কথা। এক বির্তক থেকে আরেক বিতর্ক। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে এমন খেলাই চলছে। গ্রীষ্ম মৌসুমে কাতারের তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শরীর সেদ্ধ করা গরমে খেলোয়াড়েরা কুলিয়ে উঠতে পারবে না ভেবে দাবি উঠেছে বিশ্বকাপটা এগিয়ে বা পিছিয়ে শীতকালে করার। জুন-জুলাইয়ে কাতারে খেলাটা ‘ঠিক হবে না’ জানিয়ে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার বিশ্বকাপটা শীতকালে সরিয়ে নেওয়ার প্রস্তাবও করেছেন। এই ব্ল্যাটারই কদিন আগে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, কাতারকে বিশ্বকাপ দেওয়াটা ভুলই ছিল।
ফিফা সভাপতির এই স্বীকারোক্তিই যেন বিতর্কটাকে দিয়েছে নতুন মাত্রা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রধান গ্রেগ ডাইক যেমন বলেছেন, কাতারে উপযুক্ত সময়ে বিশ্বকাপ খেলতে রাজি না হলে টুর্নামেন্টটা অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হতে পারে। তাঁর দৃষ্টিতে গ্রীষ্মকালে কাতারে বিশ্বকাপ করাটা ‘অসম্ভব’। কিন্তু কাতারের বিশ্বকাপ বিড কমিটির প্রধান হাসান আল-থাওয়াদি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবিকে উড়িয়ে দিয়ে বললেন, বিশ্বকাপ সরিয়ে নেওয়ার ‘কোনো কারণ’ নেই। বিশ্বকাপ কাতারেই হবে। ‘এটা নিশ্চিত করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমরা নিয়ম মেনেই প্রার্থিতা পেশ করেছি, স্বাগতিক হওয়ার চুক্তি মেনেছি। একই সময়ে আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে কাজ করে চলেছি। আমরা দায়বদ্ধ।’—বিবিসি স্পোর্টসকে বলেছেন থাওয়াদি।
কাতারকে বিশ্বকাপ দেওয়াটা ‘ভুল’ হয়েছে বলে ৭৭ বছর বয়সী ব্ল্যাটার যে মন্তব্য করেছেন সেটিরও জবাব দিয়েছেন থাওয়াদি, ‘(কাতার) উপযুক্ত জায়গা। মধ্যপ্রাচ্য সঠিক জায়গা। আমরা মধ্যপ্রাচ্যের প্রতিনিধি। এটা মধ্যপ্রাচ্যের বিশ্বকাপ। কাজেই এটাই সঠিক স্থান। বিশ্বকাপের মতো বড় একটি টুর্নামেন্ট আয়োজনের ভার মধ্যপ্রাচ্যের পাওয়া উচিত।’ ওয়েবসাইট।