বিশ্বকাপ স্বপ্ন বাঁচাতে দেশ বদলাবেন কস্তা

ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই নিয়েই মত্ত পুরো ফুটবল বিশ্ব। কিন্তু স্প্যানিশ লিগে এই দুজনের বাইরে আরও একজন নিভৃতেই রেখে চলেছেন নিজের প্রতিভার পরিচয়। ডিয়েগো কস্তা নামের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাল্লা দিয়েই লড়াই চালাচ্ছেন মেসি-রোনালদোর সঙ্গে। ছয় ম্যাচে সাত গোল করে মেসির সঙ্গে যৌথভাবে আছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রোনালদোও তাঁর পেছনে!
কিন্তু আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারটার কথা ভাবলে একটু চিন্তাতেই পড়ে যেতে হচ্ছে কস্তাকে। স্প্যানিশ লিগে খেললেও তিনি ব্রাজিলের নাগরিক। নেইমার, জো, ফ্রেড, হাল্কদের ভিড়ে ব্রাজিলের জাতীয় দলে সুযোগ পাওয়াটা যে কতটা কঠিন, সেটা বেশ ভালোমতোই টের পাচ্ছেন। তাই এখন ব্রাজিল নয়, বরং স্পেনের হয়ে খেলতেই বেশি আগ্রহী ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার।
জন্মসূত্রে ব্রাজিলের নাগরিক হলেও ইতিমধ্যে স্পেনের নাগরিকত্বটাও পেয়ে গেছেন কস্তা। জাতীয়তা বদলের আবেদন জানিয়ে ফিফা বরাবর আবেদনও করেছেন। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর আবেদন গৃহীত হয়ে যাওয়ার কথা। ফিফার নিয়ম অনুযায়ী, একবার একটি দেশের জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয়ে গেলে আর দেশ বদলের সুযোগ থাকে না। কস্তা ইতিমধ্যে ব্রাজিলের জার্সি গায়ে চারটি ম্যাচ খেললেও এর সবগুলোই ছিল প্রীতি ম্যাচ।
ফিফার অনুমোদন পেয়ে গেলে আর এই ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বজয়ী স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ হয়তো পেয়েই যাবেন কস্তা। সেন্টার ফরোয়ার্ডের জায়গাটা কাকে দেবেন, এখনো ঠিক করে উঠতে পারছেন না স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেসের মতো তারকারা থাকলেও ফর্মের ধারাবাহিকতা নিশ্চয়ই এগিয়ে দেবে কস্তাকে।
ব্রাজিলে জন্ম, কিন্তু পরবর্তী সময় অন্য দেশের হয়ে খেলছেন, এমন নজির অবশ্য আগেও দেখা গেছে। খুব সম্প্রতি ডেকো ও পেপে খেলেছেন পর্তুগালের হয়ে। মার্কোস সেনা গায়ে চড়িয়েছেন স্পেনের জার্সি।