বিশ্বকাপ-স্বপ্ন শেষ ক্লোসার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বদেশি গ্রেট জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১৪ গোল)। আর একটা হলেই মিরোস্লাভ ক্লোসা ছুঁয়ে ফেলবেন রোনালদোর ১৫ গোলের রেকর্ড। দুটো হলে তো ব্রাজিলিয়ান কিংবদন্তিকে টপকে তিনিই হয়ে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক। কিন্তু জার্মানির ৩৫ বছর বয়সী স্ট্রাইকারের সেই স্বপ্ন হয়তো শেষ হয়ে গেল। ঊরুতে চোট পাওয়ায় ক্লোসার ব্রাজিল বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঢাকা পড়ল ঘোরতর অনিশ্চয়তায়।
গত রোববার সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচে খেলার কথা ছিল তাঁর। কিন্তু ম্যাচ শুরুর আগে চোট ধরা পড়ায় ছিটকে পড়েন দল থেকে। এ নিয়ে গত বিশ্বকাপের পর ঊরুর পেশিতে ১৯তম বারের মতো চোট পেলেন ক্লোসা! পরীক্ষার পর জানা গেছে ঊরুর পেশি ছিঁড়ে গেছে। লাৎসিওর স্ট্রাইকারকে মাঠের বাইরে থাকতে হবে এক মাস। অথচ মের গোড়ার দিকেই ব্রাজিল বিশ্বকাপের দল ঘোষণা করার কথা। চোটগ্রস্ত একজন খেলোয়াড়কে নিশ্চয়ই বিশ্বকাপ দলে রাখার ঝুঁকি নিতে চাইবেন না জার্মান কোচ জোয়াকিম লো। তা ছাড়া লো তো তাঁর ছকও বদলে ফেলেছেন। জার্মান কোচ সম্প্রতি যে ছকে দলকে খেলাচ্ছেন, তাতে বিশেষজ্ঞ স্ট্রাইকারের দরকার নেই। জার্মানির বিশ্বকাপ দলে তাই একজন বা দুজনের বেশি বিশেষজ্ঞ স্ট্রাইকার থাকার সম্ভাবনা কম। ক্লোসার বিশ্বকাপ কি তাহলে শেষই হয়ে গেল! ওয়েবসাইট।