বিশ্বকাপ স্বপ্নই হয়ে রইল রসির

ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমটা খুব একটা খারাপ কাটেনি জিউসেপ্পে রসির। ফিওরেন্টিনার জার্সি গায়ে ২৫ ম্যাচ খেলে করেছিলেন ১৭টি গোল। হয়তো ভেবেছিলেন এবারই পূরণ হয়ে যাবে বিশ্বকাপ খেলার স্বপ্ন। ইতালিয়ান এই স্ট্রাইকারকে ৩০ সদস্যের প্রাথমিক দলেও জায়গা দিয়েছিলেন সিজার প্রানদেল্লি। কিন্তু শেষ পর্যন্ত ২০১০ সালের পুনরাবৃত্তিই ঘটল রসির ভাগ্যে। গতবারের মতো এবারের বিশ্বকাপেও রসির জায়গা হয়নি ২৩ সদস্যের চূড়ান্ত দলে।
ইনজুরিই ছিল ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের মূল বাধা। হাঁটুর ইনজুরির কারণে এ বছর মাত্র দুটি ম্যাচই খেলতে পেরেছিলেন রসি। তার পরও তাঁকে সুযোগ দিয়েছিলেন ইতালিয়ান কোচ প্রানদেল্লি। গত শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইতালির প্রীতি ম্যাচটাই ছিল রসির অগ্নিপরীক্ষা। সেখানে ৭১ মিনিট খেলার সুযোগ পেলেও কোচকে সন্তুষ্ট করতে পারেননি রসি। শেষ পর্যন্ত তাঁর পরিবর্তে অ্যান্টেনিও কাসানোকে বিশ্বকাপ মিশনে অন্তর্ভুক্ত করেছেন প্রানদেল্লি।
২০১০ সালেও রসি জায়গা পেয়েছিলেন ইতালির ২৮ সদস্যের প্রাথমিক দলে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়েই চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন তত্কালীন কোচ মার্সেলো লিপ্পি।
ইনজুরির কবলে পড়া রিকার্ডো মন্টেলিভোর বদলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেছেন আলবার্তো অ্যাকুইলানি।— রয়টার্স
ইতালির বিশ্বকাপ দল
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন, মাত্তিয়া পেরিন ও সালভাতোর সিরিগু।
ডিফেন্ডার: ইগনাজিও আবাতে, আন্দ্রেয়া বারজাগলি, লিওনার্দো বোনুচ্চি, জর্জিও চেল্লিনি, মাত্তেও ডার্মিয়ান, মাত্তিয়া ডি স্কিলিও ও গাব্রিয়েল পালেত্তা।
মিডফিল্ডার: আলবার্তো অ্যাকুইলানি, অ্যান্টোনিও কানড্রেভা, ডানিয়েল ডি রসি, ক্লাউদিও মারচিসিও, থিয়াগো মোতা, মারকো পারোলো, আন্দ্রেয়া পিরলো ও মারকো ভেরাত্তি।
ফরোয়ার্ড: মারিও বালোতেল্লি, অ্যান্টোনিও কাসানো, আলেসিও সেরসি, সিরো ইমোবিল ও লরেঞ্জো ইনসিগনে।