বিশ্বকাপ হবে ১৪ দল নিয়েই
তীব্র সমালোচনার মুখে নিজেদের ভাবনা থেকে সরে আসছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ থেকে সহযোগী সদস্য দেশগুলোকে বাদ দেওয়ার যে প্রসঙ্গটি উঠেছিল, তা খুব সম্ভবত আর বাস্তবায়িত হচ্ছে না।হংকংয়ে অনুষ্ঠানরত আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ১০ দলের চিন্তা-ভাবনা বাস্তবায়িত হলে টেস্ট খেলুড়ে ১০টি দেশের বাইরে অন্য সহযোগী সদস্যদেশগুলোর বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যেত। এ সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হতো টেস্ট খেলুড়ে নয়, অথচ সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা দল আয়ারল্যান্ড। আইসিসির বার্ষিক সভায় যে ধরনের আলোচনা হয়েছে, তাতে খুব সম্ভবত আয়ারল্যান্ডের বিশ্বকাপ থেকে বাদ পড়ার আর কোনো আশঙ্কা থাকছে না। হংকংয়ে যে আলোচনা হয়েছে, তাতে আগামী বিশ্বকাপে ১০টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে চারটি সহযোগী সদস্য দেশও খেলবে। বিশ্বকাপ হবে ১৪ দলের।আয়ারল্যান্ড, হল্যান্ড, কানাডা, কেনিয়া প্রভৃতি দেশগুলো একাট্টা হয়ে আইসিসির সভাপতি শারদ পাওয়ারের কাছে এ ব্যাপারে নিজেদের অসন্তোষ জানানোর পরপরই আইসিসি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক সংবাদে জানা গেছে।