বিশ্বকাপ হোটেলে ভেজাল খাবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের হোটেল-রেস্তোরাঁর খাদ্য নিরাপত্তা নিয়ে উঠে গেছে প্রশ্ন ছবি: এএফপি
ব্রাজিলের হোটেল-রেস্তোরাঁর খাদ্য নিরাপত্তা নিয়ে উঠে গেছে প্রশ্ন ছবি: এএফপি

বিশ্বকাপ সামনে রেখে ভেজালবিরোধী অভিযান শুরু হয়েছে ব্রাজিলে। আর এই অভিযান এমন একটি সংবাদের জন্ম দিয়েছে, যা শঙ্কায় ফেলে দিতে পারে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোকে। ব্রাজিলের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা-বিষয়ক বিশেষ দলের অভিযানে দুটি হোটেল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্য উদ্ধার করা হয়েছে। এই দুটি হোটেলেই বিশ্বকাপের সময় অবস্থান করবে অংশগ্রহণকারী দলগুলো।
অভিযান পরিচালনা করা দুটি হোটেলই রিও ডি জেনিরোয় অবস্থিত। পোর্তেবেল্লো ও রয়্যাল টিউলিপ নামধারী দুটো হোটেলই বিলাসবহুল ও তারকাখচিত। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের সময় এই দুটো হোটেলেই অবস্থান করবে ইতালি ও ইংল্যান্ড দল। এমন দুটি হোটেলের এই ‘ভেজাল-কাণ্ড’ অংশগ্রহণকারী দলগুলোকে চিন্তায় ফেলে দিতে বাধ্য।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, পোর্তোবেল্লোয় অভিযান চালিয়ে খাদ্যনিরাপত্তা দল প্রায় ৫০ কেজি সমুদ্রজাত খাদ্য উদ্ধার করে, যা মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী। রয়্যাল টিউলিপেও একই ধরনের অভিযানে উদ্ধার হয়েছে ২ কেজি বাসি খাবার। এই দুটো হোটেল ছাড়াও ভেজালবিরোধী দল রিও শহরের আরও ১৩টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আটটিতে অনিরাপদ খাবার উদ্ধার করেছে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী অনেক দলই অবশ্য নিজস্ব খাবার ও বাবুর্চি নিয়ে ব্রাজিল যাচ্ছে।